চট্টগ্রামে বিশেষ অভিযানে চোর চক্রের মূল হোতাসহ গ্রেফতার ৩, উদ্ধার ল‍্যাপটপ ও মোবাইল

by The Justice Bangla

নিজস্ব প্রতিনিধিঃ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি-পশ্চিম) বিশেষ অভিযান চালিয়ে চোর চক্রের মূল হোতাসহ তিনজনকে গ্রেফতার করেছে। অভিযানে একটি চুরি যাওয়া ম্যাকবুক প্রো ল্যাপটপ ও একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।

ডিবি সূত্রে জানা গেছে, গত ১২ জুন ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ সিডিএ ৫ নম্বর রোডের হালিম ভিলার চতুর্থ তলার ভাড়াটিয়া মো. বেলাল উদ্দিনের বাসায় বারান্দার গ্রিল কেটে চুরির ঘটনা ঘটে। চোরেরা একটি ম্যাকবুক প্রো ল্যাপটপ, একটি স্যামসাং মোবাইল ফোন এবং নগদ ২২ হাজার টাকা নিয়ে যায়।

এ ঘটনায় তদন্তে নেমে গোয়েন্দা পুলিশ আরও জানতে পারে, একই ভবনের আরেক ভাড়াটিয়া আবুল কাশেমের বাসায়ও এক সপ্তাহ আগেই একই কায়দায় চুরি সংঘটিত হয়। সেখান থেকে ৩টি মোবাইল ফোন ও ৫৫ হাজার টাকা চুরি হয়।

গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে গত ২১ জুন দিবাগত রাতে হালিশহর থানাধীন বইল্লা কলোনির আলমগীরের ভাড়া বাসা থেকে চোর চক্রের মূল হোতা আব্দুল আলীম ওরফে শাকিল (২৯) কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে চুরি হওয়া একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।

পরবর্তীতে আব্দুল আলীমের দেওয়া তথ্য অনুযায়ী আরও দুই সহযোগী—মো. ইয়াছিন আরাফাত শাকিল (২৫) এবং আজিজুল হাকিম মাসুমকে হালিশহর থানাধীন বড়পুল সংলগ্ন ইনসাফ এন্টারপ্রাইজ নামের একটি মোবাইল এক্সেসরিজ দোকান থেকে গ্রেফতার করা হয়। সেখান থেকেই চুরি হওয়া ম্যাকবুক প্রো ল্যাপটপটি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা স্বীকার করেছে, চুরি করা ল্যাপটপটি তারা দোকানদার মাসুমের কাছে বিক্রি করেছিল। চোরাইকৃত অন্যান্য মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

You may also like

Leave a Comment