চট্টগ্রামে পাহাড় ধসের আশঙ্কা, আশ্রয় কেন্দ্রে শতাধিক মানুষ

by The Justice Bangla

 

মোহাম্মদ ইয়াছিন ভূঁইয়াঃ চট্টগ্রামে টানা প্রবল বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। এতে করে ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকাগুলো থেকে শতাধিক মানুষকে সরিয়ে নেয়া হয়েছে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে। গতকাল বৃহস্পতিবার (১০ জুলাই) রাত ১০টা পর্যন্ত এই কার্যক্রম চালানো হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের এক কর্মকর্তা জানান, অতিপ্রবল বর্ষণের প্রেক্ষিতে শহরের বিভিন্ন পাহাড়ি এলাকায় মাইকিং করে মানুষদের সতর্ক করা হচ্ছে। জোন কমিটি চার এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম নগর ইউনিটের তত্ত্বাবধানে সচেতনতামূলক প্রচারণা অব্যাহত রয়েছে।

তিনি বলেন, লালখান বাজারের মতিঝর্ণা, বাটালিহিল, আকবরশাহ, ঝিল-১, ঝিল-২, বায়েজিদ লিংক রোডসহ নগরীর বিভিন্ন ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকা থেকে পরিবারগুলোকে সরিয়ে আশ্রয়কেন্দ্রে নেয়া হয়েছে। সেখানে তাদের জন্য তিনবেলা খাবার, প্রাথমিক চিকিৎসা এবং অন্যান্য সহায়তা নিশ্চিত করা হয়েছে।

পাহাড়তলী ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা জাকারিয়া জানান, চট্টগ্রাম জেলা প্রশাসন এবং কাট্টলী সার্কেলের এসিল্যান্ডের নেতৃত্বে স্থানীয় স্বেচ্ছাসেবীদের সঙ্গে নিয়ে পাহাড়ি এলাকায় মাইকিং চলছে। আশ্রয়কেন্দ্রগুলোতে পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হয়েছে।

জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, রাতেও এই উদ্ধার ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। বর্ষা মৌসুমে অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার আগেভাগেই ব্যবস্থা নেয়া হয়েছে।

প্রসঙ্গত, গত বছরগুলোতে বর্ষাকালে পাহাড় ধসের কারণে চট্টগ্রামে প্রাণহানির ঘটনা ঘটেছে। এসব ঘটনা এড়াতে চট্টগ্রাম জেলা প্রশাসনের অধীনে ১২টি জোন কমিটি গঠন করা হয়েছে, যারা ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে।

You may also like

Leave a Comment