চট্টগ্রামে দুই লাখ টাকার জাল রেভিনিউ স্ট্যাম্পসহ দুইজন গ্রেফতার

by The Justice Bangla

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামে বিশেষ অভিযানে দুই লাখ টাকা মূল্যের জাল রেভিনিউ স্ট্যাম্পসহ জালিয়াত চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে সিএমপি’র গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৫) রাত ৯টা ১০ মিনিটে ডবলমুরিং মডেল থানাধীন আগ্রাবাদ এলাকায় এ অভিযান পরিচালনা করে ডিবি (উত্তর-দক্ষিণ) বিভাগের টিম-০১। উপ-পুলিশ কমিশনার মোঃ হাবিবুর রহমান প্রাং এর নির্দেশনায় এসআই সোহেল রানা, এসআই মামুন ও সঙ্গীয় ফোর্স এ অভিযান চালান।

গ্রেফতারকৃতরা হলেন—
আলমগীর হোসেন (৪৮), ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কালাছড়া এলাকার বাসিন্দা, বর্তমানে আগ্রাবাদের এন.এস টাওয়ারে বসবাসরত।
মোঃ নুরুল ইসলাম ওরফে আরিফ (৩৭), ফেনী সদর উপজেলার পশ্চিম ফাজিলপুর এলাকার বাসিন্দা, বর্তমানে আগ্রাবাদ ডেবার উত্তরপাড়ে অবস্থানরত।

অভিযানকালে আলমগীর হোসেনের কাছে থাকা একটি সবুজ রঙের শপিং ব্যাগ থেকে ২৫০ পাতা জাল রেভিনিউ স্ট্যাম্প উদ্ধার করা হয়। প্রতিটি পাতায় ৪০টি করে মোট ১০,০০০ পিস ২০ টাকা মূল্যমানের স্ট্যাম্প পাওয়া যায়, যার মোট বাজার মূল্য প্রায় দুই লাখ টাকা। এছাড়া তার কাছ থেকে একটি কালো রঙের OPPO F5 Youth স্মার্টফোনও জব্দ করা হয়।

অন্যদিকে, নুরুল ইসলামের পকেট থেকে একটি সিলভার রঙের Redmi 14C স্মার্টফোন উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে জাল রেভিনিউ স্ট্যাম্প তৈরি ও বাজারজাত করে আসছিল। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পুলিশ বলছে, এই চক্রকে ঘিরে আরও তদন্ত চলছে এবং এ ঘটনায় জড়িত অন্যান্যদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

You may also like

Leave a Comment