চট্টগ্রামে কোরবানির হাট পরিদর্শনে সিএমপি কমিশনার

by The Justice Bangla

নিজস্ব প্রতিবেদকঃ পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে কোরবানির হাটের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আজ চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার জনাব হাসিব আজিজ, বিপিএম সরেজমিনে পরিদর্শন করেন মহানগরীর বিবিরহাট ও এককিলোমিটার পশুর হাট।

পরিদর্শনকালে তিনি হাটে উপস্থিত সাংবাদিক, ইজারাদার, ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে মতবিনিময় করেন এবং পশুর হাটকেন্দ্রিক সিএমপি’র গৃহীত বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা তুলে ধরেন। তিনি জানান, পশু ব্যবসায়ীদের নিরাপত্তা, প্রতারক চক্র প্রতিরোধ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

সিএমপি কমিশনার আরও জানান, হাট সংশ্লিষ্ট যেকোনো সমস্যা বা আইনি সহায়তার জন্য প্রত্যেক হাটে অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম চালু করা হয়েছে। এছাড়া দূর-দূরান্ত থেকে আগত ব্যবসায়ীদের যেন কোনো ধরনের ভোগান্তিতে না পড়তে হয়, সে বিষয়ে প্রতিটি হাটের ইজারাদারদের সতর্ক করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগ পেলে সংশ্লিষ্ট ইজারাদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ব্যবসায়ীরা যাতে তাদের আর্থিক লেনদেনে ঝুঁকির মুখে না পড়েন, সে বিষয়েও পুলিশ বিশেষ নজরদারি করছে বলে জানান সিএমপি কমিশনার।

এসময় সিএমপি’র উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জনাব নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (সম্প্রতি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব আমিরুল ইসলামসহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

You may also like

Leave a Comment