নিজস্ব প্রতিবেদক, মীরসরাইঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে নুরুল আমিন চেয়ারম্যানের নাম চূড়ান্ত ঘোষণা করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত দলের উচ্চপর্যায়ের বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেন।
প্রার্থী ঘোষণার পর নুরুল আমিন চেয়ারম্যান সাংবাদিকদের বলেন,
এটি শুধু আমার নয়, মীরসরাইয়ের মানুষের বিজয়ের সূচনা। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমি শেষ পর্যন্ত লড়ব। নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, আমি সকল নেতাকর্মীকে অনুরোধ করছি কোনো ধরনের কটুক্তি, মিটিং-মিছিল বা মিষ্টি বিতরণ থেকে বিরত থাকুন। আমাদের লক্ষ্য হবে জনগণের আস্থা অর্জন ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে বেগবান করা।
