নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর বিলভবানীপুরে গভীর রাতে এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা এক যুবতীকে হত্যা করে বাড়ির পেছনের বাথরুমের টয়লেটের ট্যাংকির ভেতরে মরদেহ লুকিয়ে রেখে পালিয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোরবেলায় ওই বাড়ির মালিকের মোবাইল ফোনে একটি অপরিচিত নম্বর থেকে কল আসে। কলকারী জানায়, বাড়ির পেছনের বাথরুমের টয়লেটের ট্যাংকির ভেতরে একজন যুবতীর মরদেহ রাখা হয়েছে এবং ট্যাংকির মুখ পলিথিন দিয়ে ঢেকে রাখতে বলে। অজ্ঞাত ব্যক্তির এমন ফোন পেয়ে বাড়ির মালিক আতঙ্কিত হয়ে পড়েন।
বিষয়টি নিশ্চিত হতে দেরি না করে তিনি তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে টয়লেটের ট্যাংকির ভেতর থেকে ওই যুবতীর মরদেহ উদ্ধার করে। পরে মরদেহের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, এমন নৃশংস হত্যাকাণ্ডের খবর এলাকায় আগে শোনা যায়নি। তারা দ্রুত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। নিহত যুবতীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি কে বা কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং কী উদ্দেশ্যে মরদেহ টয়লেটের ট্যাংকিতে লুকিয়ে রাখা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
