ঢাকা প্রতিনিধিঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল–এ চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে আসা নেতাকর্মী ও সমর্থকদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর ঢাকা–৬ আসনের মনোনীত প্রার্থী ইশরাক হোসেন।
শনিবার (২৯ নভেম্বর) নিজের ফেসবুক–এর ভেরিফায়েড পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, আবেগ থেকে হাসপাতালে ছুটে আসা মানবিক হলেও অনিয়ন্ত্রিত ভিড় পরিস্থিতিকে জটিল করে তুলছে।
বিবৃতিতে ইশরাক হোসেন আরও উল্লেখ করেন
নেত্রী যখন নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন, তখন হাসপাতালে জোরপূর্বক প্রবেশের চেষ্টা, নিষেধাজ্ঞা অমান্য করে নিয়ন্ত্রিত কক্ষে ঢুকে যাওয়া বা যত্রতত্র ভিড় তৈরি করা কোনোভাবেই দায়িত্বশীল আচরণ নয়। তিনি বলেন, অনেক সময় এসব আচরণ ব্যক্তিগত প্রদর্শন বা ক্যামেরার সামনে উপস্থিতি নিশ্চিত করার উদ্দেশ্যে হতে পারে, যা হাসপাতালের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত করে, চিকিৎসা কার্যক্রম ব্যাহত করতে পারে এবং অন্য রোগীদের ঝুঁকিতে ফেলতে পারে।
তিনি আরও বলেন, এ ধরনের অসদাচরণ অত্যন্ত অনভিপ্রেত, আমাদের সবারই উচিত নেত্রীর শান্তিপূর্ণ চিকিৎসার পরিবেশ নিশ্চিত করা।
বিএনপির এই নেতা দেশবাসীর কাছে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া চেয়ে বলেন, মহান আল্লাহ নেত্রীকে সুস্থ করে ফিরিয়ে দেবেন, আমরা সবাই সেই দোয়া করি।
