নিজস্ব প্রতিবেদক, সিলেটঃ বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল কোম্পানীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলার রংমহল টাওয়ারের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এই কর্মীসভায় তাঁতীদলের নতুন কমিটি গঠন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
কর্মীসভায় বক্তারা বলেন, বিএনপি ও সহযোগী সংগঠনের দুঃসময়ে যারা রাজপথে নির্যাতিত ও নিপীড়িত হয়েছেন, তাদের যথাযথ মূল্যায়নের ভিত্তিতেই ভবিষ্যতের তাঁতীদলের কমিটি গঠন করা হবে। আওয়ামী লীগ ঘেঁষা বা ফ্যাসিস্টদের সাথে সম্পৃক্ত কোনো ব্যক্তি নতুন কমিটিতে স্থান পাবেন না বলে বক্তারা স্পষ্ট করে জানান।
তারা আরও বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি জনগণের উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের সার্বিক অগ্রগতির এক বাস্তব দিকনির্দেশনা। এ কর্মসূচির মধ্য দিয়েই মানুষের জীবনমান উন্নয়ন ও দেশের ভাগ্য পরিবর্তনের পরিকল্পনা বাস্তবায়িত হবে।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ও সিলেট জেলা আহবায়ক ফয়েজ আহমদ দৌলত। পরিচালনা করেন সিলেট জেলা তাঁতীদলের সদস্য সচিব আলতাফ হোসেন বিলাল।
এসময় আরও বক্তব্য রাখেন জেলা তাঁতীদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ হানিফ, কামরুল হাসান, রফিক আহমদ, জিয়াউর রহমান নেওয়ার, জয়নাল আহমদ, উসমান খান, সদস্য মিছবাহ উদ্দিন মিছবা, আরিফ চৌধুরী রাজ ও নবী হোসেন প্রমুখ।
কর্মী সমাবেশে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
