কৃষি কর্মকর্তাদের অনলাইনে গণভোট সচেতনতা সভা, নির্দেশনা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আলী রীয়াজের

by The Justice Bangla

নিজস্ব প্রতিবেদকঃ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আলী রীয়াজ বলেছেন, বাংলাদেশ যাতে ফ্যাসিবাদী ব্যবস্থায় আর ফিরে না যায়, সে জন্যই এবারের গণভোট গুরুত্বপূর্ণ। তিনি বুধবার কৃষি বিভাগের ১৭ হাজার কর্মকর্তা ও মাঠকর্মীর জন্য অনলাইন প্ল্যাটফর্ম জুমে অনুষ্ঠিত সভায় এ কথা বলেন।

ড. আলী রীয়াজ বলেন, “গণভোটের এই সুযোগ আগামী ৫ বা ১০ বছরে আর আসবে না। ভবিষ্যতের বাংলাদেশ কীভাবে চলবে, তা ঠিক করার এই সুযোগ সবাইকে কাজে লাগাতে হবে।” তিনি উল্লেখ করেন, কৃষি মন্ত্রণালয় দেশের মন্ত্রণালয়গুলোর মধ্যে জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ থাকা অন্যতম প্রতিষ্ঠান, যা গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে কাজে লাগানো যাবে।

সভায় তিনি কর্মকর্তাদের নির্দেশ দেন, গণভোটকে সহজ ভাষায়, হ্যাঁ-না ভোট হিসেবে মানুষের কাছে উপস্থাপন করতে। এছাড়া গণভোটের ফলে কী কী পরিবর্তন আসবে তা সময় নিয়ে মানুষকে বুঝিয়ে দেওয়ার পরামর্শ দেন।

বিশেষ অতিথি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, “আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ, সুন্দর ও গণতান্ত্রিক বাংলাদেশ চাই। ফ্যাসিবাদী ব্যবস্থার পুনরাবৃত্তি রোধ করতে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে গণভোটে অংশ নিতে হবে।” তিনি কর্মকর্তাদের সামনে জনমত সৃষ্টির জন্য প্রস্তুতকৃত লিফলেটের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো বিস্তারিতভাবে তুলে ধরেন।

সভায় কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান জানান, জনগণকে সচেতন করতে মন্ত্রণালয় ও অধীনস্থ সংস্থাগুলো ড্রপ-ডাউন ব্যানার স্থাপন, লিফলেট বিতরণ, মোবাইল ভ্যান ও আঞ্চলিক রেডিও সেন্টার প্রচার, সভা-সমাবেশ এবং কৃষি বিভাগের ২৪/৭ হটলাইন সার্ভিস ব্যবহার করবে।

সভায় ভার্চুয়ালি অংশ নেন কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তা ও আওতাধীন সকল দপ্তর-সংস্থার প্রতিনিধি।

You may also like

Leave a Comment