কক্সবাজার কুতুবদিয়া সমুদ্রসৈকতে অর্ধগলিত জেলের মরদেহ উদ্ধার

by The Justice Bangla

মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজারঃ কক্সবাজারের কুতুবদিয়া কৈয়ারবিল ইউনিয়নের সমুদ্র সৈকত থেকে আবদুল মোনাফ নামের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আবদুল মোনাফ মহেশখালীর হোয়ানক ইউনিয়নের কালালিয়াকাটা এলাকার মো. জামাল উদ্দিনের পুত্র।

শনিবার (২ আগষ্ট) সকালে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ সমুদ্র সৈকত থেকে লাশটি উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন কুতুবদিয়া থানার ওসি আরমান হোসেন ।

উদ্ধার হওয়া মরদেহটি ৫দিন আগে নিখোঁজ জেলে আবদুল মোনাফের (৩৩) বলে নিশ্চিত করেছেন তার পরিবার।

নিহত মোনাফের বোনের স্বামী কৈয়ারবিলের সাবেক ইউপি সদস্য মো. টিটু জানান, ভেসে আসা লাশটি গত কয়েকদিন আগে মহেশখালী সাগরে নিখোঁজ হওয়া আবদুল মোনাফের। পরনের কাপড়সহ ছবি দেখে মোনাফের স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যরা মরদেহ সনাক্তের কথা জানান।

মো. টিটু বলেন, গত সোমবার (২৮ জুলাই) হোয়ানকের ধলঘাট পাড়া এলাকার নাসির উদ্দিনের মালিকানাধীন ফিশিং ট্রলারে করে মাছ ধরতে যায় মোনাফ। ওই ট্রলার ডুবির ঘটনায় আলাউদ্দিন নামের আরও একজন জেলে এখনো নিখোঁজ রয়েছে।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরমান হোসেন বলেন,
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয় । মৃত ব্যক্তির পরনে হাত লম্বা অ্যাস কালার গেঞ্জি এবং নেভি ব্লু কালার পেন্ট ছিলো। পরিচয় শনাক্তের পর লাশের
সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

You may also like

Leave a Comment