মোহাম্মদ সাগরঃ একজন ক্রিকেটারকে অপমান করা মানে বাংলাদেশকে অপমান করা এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এ বিষয়ে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে বিএনপি একমত।
সোমবার সকালে ঠাকুরগাঁও শহরের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, এখনো আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি। তিনি অভিযোগ করে বলেন, সরকার এখন পর্যন্ত কোনো অস্ত্র উদ্ধার করতে পারেনি, যা আমাদের জন্য উদ্বেগজনক।
মোস্তাফিজ ইস্যুতে বক্তব্য রাখতে গিয়ে মির্জা ফখরুল বলেন, একজন ক্রিকেটারকে অপমান করা শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো বাংলাদেশকেই অপমান করার শামিল। এ বিষয়ে সরকার যে অবস্থান নিয়েছে, বিএনপি তার সঙ্গে একমত পোষণ করে।
নির্বাচনের ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ প্রসঙ্গে তিনি বলেন, এখন পর্যন্ত নির্বাচনি পরিবেশ মোটামুটি ভালো রয়েছে। তবে আগামী ২২ তারিখের পর বিষয়টি আরও স্পষ্টভাবে বোঝা যাবে।
এছাড়া বিএনপি সরকার গঠন করতে পারলে তিস্তাসহ দেশের বিভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা ভারতের কাছ থেকে আদায় করা হবে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
