ইসিতে আপিল শুনানির বিরতিতে বাগবিতণ্ডা

এনসিপি ও বিএনপি প্রার্থীর মধ্যে উত্তেজনা

by The Justice Bangla

জাস্টিস বাংলা ডেস্কঃ নির্বাচন কমিশনে (ইসি) জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের আপিল শুনানির সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ ও বিএনপি প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর মধ্যে বাগবিতণ্ডার ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মানিকগঞ্জ-৩ আসনের প্রার্থী আফরোজা খানমের মনোনয়নপত্রের বৈধতা নিয়ে দায়ের করা আপিলের শুনানি চলাকালে কমিশন আধা ঘণ্টার জন্য বিরতি দেয়। শুনানিতে দ্বৈত নাগরিকত্বের বিষয়টি নিয়ে সিনিয়র আইনজীবীদের ব্যাখ্যা চলছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) নেতৃত্বে কমিশনের সদস্যরা আসন ত্যাগ করার পর মঞ্চের সামনে আপিলের পক্ষে ও বিপক্ষে থাকা আইনজীবীরা জড়ো হয়ে তর্কে জড়িয়ে পড়েন। এ সময় পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে।

এই বাদানুবাদের মধ্যে উপস্থিত ছিলেন ফেনী-৩ আসনের বিএনপি প্রার্থী আবদুল আউয়াল মিন্টু। দ্বৈত নাগরিকত্বের অভিযোগে তার মনোনয়নপত্রের বৈধতা নিয়েও আপিল করা হয়েছে। এ কারণে তিনি নিজ আপিল শুনানিতে অংশ নিতে নির্বাচন কমিশনে উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, উত্তপ্ত পরিস্থিতিতে আবদুল আউয়াল মিন্টু তার মনোনয়ন বাতিল চাওয়া পক্ষের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। এ সময় এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়।

ঘটনার পর পরিস্থিতি কিছু সময়ের জন্য উত্তেজনাপূর্ণ থাকলেও পরে আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

You may also like

Leave a Comment