ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় কক্সবাজারে স্বামী–স্ত্রীর ওপর হামলা, লুট

খরুলিয়ায় ইয়াবা ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা; পুলিশ বলছে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

by The Justice Bangla

মোহাম্মদ খোরশেদ হেলালী | কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজার সদর উপজেলার খরুলিয়া এলাকায় ইয়াবা বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে এক দম্পতির ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে স্বামী ও স্ত্রী গুরুতর আহত হয়েছেন এবং তাদের কাছ থেকে স্বর্ণালংকার লুট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

আহতরা হলেন স্থানীয় পুলিন বড়ুয়ার ছেলে জয়সেন বড়ুয়া (৬৯) ও তার স্ত্রী চুমকী রানী দে। বর্তমানে তারা কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহতদের বরাতে জানা যায়, গত ২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে তারা স্থানীয় ইয়াবা ব্যবসায়ী প্রিয়দর্শী বড়ুয়াকে এলাকায় ইয়াবা বিক্রি বন্ধ করতে বলেন। তারা অভিযোগ করেন, প্রিয়দর্শীর কারণে এলাকার যুবসমাজ ও কিশোররা ধ্বংসের পথে যাচ্ছে এ কথা বলার পর প্রায় এক ঘণ্টার মধ্যে প্রিয়দর্শী বড়ুয়া কয়েকজন সহযোগী নিয়ে তাদের বাড়িতে এসে অতর্কিত হামলা চালায়।

হামলায় জয়সেন বড়ুয়া ও তার স্ত্রী গুরুতর আহত হন। এ সময় হামলাকারীরা চুমকী রানী দের গলায় থাকা স্বর্ণের চেইন ও কানের দুল (আন্টি) ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান।

এ ঘটনায় আহত জয়সেন বড়ুয়া বাদী হয়ে প্রিয়দর্শী বড়ুয়াকে প্রধান আসামি করে ৩–৪ জনের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় লিখিত এজাহার দায়ের করেছেন বলে জানা গেছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত প্রিয়দর্শী বড়ুয়া সাংবাদিকদের বলেন, আমি এসবের সঙ্গে জড়িত নই, সামান্য কথা কাটাকাটি হয়েছে এ কথা বলে তিনি ফোন কেটে দেন।

এ প্রসঙ্গে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দীন বলেন, আমরা অভিযোগের বিষয়টি জেনেছি। লিখিত এজাহার পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

You may also like

Leave a Comment