নিজস্ব প্রতিবেদকঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের নামে থাকা ৫৩টি ব্যাংক হিসাবের ৬৫ লাখ ৫০ হাজার ২৪৬ টাকা জব্দের আদেশ দিয়েছেন আদালত।
সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (৭ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির উপপরিদর্শক আব্দুল লতিফ অভিযুক্তের ব্যাংক হিসাবগুলো ফ্রিজ করার আবেদন করেন।
আবেদনে উল্লেখ করা হয়, রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদসহ তার সঙ্গে জড়িত ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানি লন্ডারিং–সংক্রান্ত অভিযোগের অনুসন্ধান চলছে।
সিআইডি সূত্র জানায়, আর্থিক লেনদেনের মাধ্যমে অপরাধ সংঘটনের যোগসূত্র রয়েছে কি না, তা যাচাই করতেই এসব ব্যাংক হিসাব সাময়িকভাবে জব্দ করা হয়েছে। তদন্তের স্বার্থে ভবিষ্যতে প্রয়োজন হলে আরও আর্থিক সম্পদের বিষয়ে আদালতের অনুমতি চাওয়া হতে পারে বলে জানানো হয়।
