অভিযান চলাকালেই ফাঁদে পড়লো ছিনতাইকারী দল, সেনা টহলে আটক ২

by Samir Khan
সাতকানিয়ায় অটোরিকশায় অজ্ঞান করে নারীকে ছিনতাই, সেনা সদস্যদের ধাওয়ায় আটক ২

সাতকানিয়া প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় সিএনজি অটোরিকশায় এক নারী যাত্রীকে অজ্ঞান করে তার কাছ থেকে কানের দুল ও নগদ টাকা ছিনিয়ে নেয়ার সময় স্থানীয়দের সহায়তায় দুই ছিনতাইকারীকে আটক করেছে সেনাবাহিনীর টহল টিম। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সোমবার(২৬ মে) সকালে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের মৌলভীর দোকান এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে ঘটনার বিস্তারিত জানায় সেনাবাহিনী।

আটকরা হলেন—পটিয়া উপজেলার গোবিন্দারখীল এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মো. রিপন (৩৫) ও একই উপজেলার হাইদগাঁও এলাকার মো. মনির আহমদের ছেলে মাহাবুব আলম (৪০)।

সেনাবাহিনীর বিজ্ঞপ্তিতে জানানো হয়, দোহাজারী পৌরসভা এলাকা থেকে আয়েশা বেগম নামে এক নারী সিএনজি অটোরিকশাযোগে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক হয়ে সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকায় যাচ্ছিলেন। পথে কালিয়াইশ ইউনিয়নের মৌলভীর দোকান এলাকায় পৌঁছালে যাত্রীবেশে ছিনতাইকারীদের কয়েকজন সদস্য অটোরিকশায় তার পাশে বসে। এরপর তারা আয়েশা বেগমকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করে তার সাথে থাকা কানের দুল ও নগদ টাকা নিয়ে পালানোর চেষ্টা করে।

বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা ছিনতাইকারীদের ধরে জিজ্ঞাসাবাদ ও মারধর শুরু করেন। এ সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে টহলরত সেনা টহল টিম ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয়দের সহায়তায় রিপন ও মাহাবুবকে আটক করে। পরে তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা, নকল স্বর্ণের বার, দুটি বাটন মোবাইল, কানের দুল এবং ৫ হাজার টাকার বেশি নগদ অর্থ উদ্ধার করে সেনা ক্যাম্পে নেয়া হয়।

সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত রেজা বিষয়টি নিশ্চিত করে জানান, ছিনতাইকারীদের সেনাবাহিনীর পক্ষ থেকে থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

You may also like

Leave a Comment