অধিকারবঞ্চিত শিশুদের স্বপ্নের সন্ধ্যা: ফ্যাশন ফর লাইফের ‘গিফট এ ডিনার’ আয়োজন

চট্টগ্রামের পাঁচ তারকা হোটেলে শিশুদের জন্য বিশেষ ফ্যাশন শো, সাংস্কৃতিক পরিবেশনা ও উপহার বিতরণ

by The Justice Bangla

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রামঃ সমাজের অধিকারবঞ্চিত ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এক ব্যতিক্রমী আয়োজন করেছে ফ্যাশন ফর লাইফ। সংগঠনটির উদ্যোগে চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লুতে অনুষ্ঠিত হয়েছে একদিনের স্বপ্ন পূরণের অনুষ্ঠান ‘গিফট এ ডিনার’, যেখানে শতাধিক শিশু অংশ নেয়।

শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় আয়োজিত এই অনুষ্ঠানে শিশুদের জন্য অভিজাত পরিবেশে আনন্দ, উচ্ছ্বাস ও আত্মবিশ্বাসের পরিবেশ তৈরি করা হয়। শিশুদের মনমুগ্ধকর পরিবেশনায় ছিল কবিতা আবৃত্তি, গান, নৃত্য, দেশাত্মবোধক সংগীত, এবং তাদের অংশগ্রহণে আয়োজন করা ব্যতিক্রমী ফ্যাশন র‍্যাম্প শো, যা উপস্থিত অতিথিদের মুগ্ধ করে।

অনুষ্ঠানের এক পর্যায়ে শিশুদের মাঝে বিভিন্ন ধরনের পোশাক ও উপহার বিতরণ করা হয়, যা তাদের মুখে হাসি এবং আনন্দ আরও দ্বিগুণ করে।

ফ্যাশন ফর লাইফের প্রতিষ্ঠাতা মহিউদ্দিন মাসুম এর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ, ব্যবসা ও গণমাধ্যমের বিশিষ্ট ব্যক্তিবর্গ, যার মধ্যে আছেন ডিজাইনার রওশন আরা চৌধুরী, চট্টগ্রাম প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক আয়ান শর্মা, ৭১ টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান সাইফুল ইসলাম শিল্পী, জেসিআই বাংলাদেশের ডেপুটি ন্যাশনাল প্রেসিডেন্ট আবু বকর শাহেদ, জেসিআই চট্টগ্রামের সভাপতি জুনায়েদ আহমেদ রাহাত, চট্টগ্রাম মুদ্রন শিল্প সমিতির সভাপতি এম এ করিম, ফ্যাশন ফর লাইফের সহ-প্রতিষ্ঠাতা শিহাব সাগির, চট্টগ্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডা. জিসান, শামীমা শীলা, ডেইলি স্টারের সিনিয়র সাংবাদিক মোহাম্মদ সুমন প্রমুখ।

বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মানসিক বিকাশ, আত্মবিশ্বাস ও সুপ্ত প্রতিভা বিকাশে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের যেন সমাজের মূলধারায় নিজের অবস্থান তৈরি করতে পারে, তার জন্য সামাজিক সংগঠনগুলোর নজরদারি ও সহায়তা জরুরি।

অনুষ্ঠানটি অধিকারবঞ্চিত শিশুদের জন্য শুধু আনন্দের আয়োজন নয়, বরং স্বপ্ন দেখার, নিজেকে প্রকাশ করার এবং নতুন সম্ভাবনার পথে এগিয়ে যাওয়ার এক অনন্য সুযোগ হিসেবে কাজ করেছে।

You may also like

Leave a Comment