ফেলে দেওয়া সিম ও ই–বর্জ্য থেকে ২৭ লাখ টাকার সোনা ‘ফলালেন’ চিনা তরুণ

by The Justice Bangla

আন্তর্জাতিক ডেস্ক | জাস্টিস বাংলাঃ ফেলে দেওয়া সিম কার্ড ও ইলেকট্রনিক বর্জ্য থেকে সোনা উদ্ধার করে আলোচনায় এসেছেন এক তরুণ চীনা ব্যক্তি। উচ্চ তাপ ও বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়া ব্যবহার করে তিনি পরিত্যক্ত সিম কার্ড ও বৈদ্যুতিন যন্ত্রাংশ থেকে বিপুল পরিমাণ সোনা সংগ্রহ করেছেন বলে দাবি করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, এই বর্জ্য প্রক্রিয়াকরণ করে তিনি প্রায় ১৯১ গ্রাম সোনা উদ্ধার করতে সক্ষম হয়েছেন, যার বাজারমূল্য আনুমানিক ২৭ লাখ টাকা।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওই তরুণ বিপুল পরিমাণ ব্যবহৃত সিম কার্ড ও বাতিল ইলেকট্রনিক যন্ত্রপাতি সংগ্রহ করেন। এরপর বিশেষ রাসায়নিক দ্রবণ ও উচ্চ তাপ প্রয়োগের মাধ্যমে ধাপে ধাপে সোনা আলাদা করেন। এই পুরো প্রক্রিয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই বিষয়টি ভাইরাল হয়ে যায়।

ভিডিওটি প্রকাশের পর বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যবহৃত সিম কার্ডের চাহিদা হঠাৎ বেড়ে গেছে বলে জানানো হয়েছে। অনেকেই এই পদ্ধতি সম্পর্কে আগ্রহ দেখাচ্ছেন এবং একই কৌশলে সোনা উদ্ধার করা সম্ভব কি না তা নিয়ে আলোচনা শুরু করেছেন।

বিশেষজ্ঞরা অবশ্য সতর্ক করে বলেছেন, এ ধরনের প্রক্রিয়া যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ছাড়া করলে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে এবং অনেক দেশে এটি পরিবেশগত ও আইনি জটিলতার মধ্যে পড়ে।

You may also like

Leave a Comment