আন্তর্জাতিক ডেস্ক | জাস্টিস বাংলাঃ যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযান শুরু করে, তবে তা একটি আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে বলে সতর্ক করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ি। শনিবার (৩১ জানুয়ারি) তেহরানের ইমাম খোমেনি হুসাইনিয়ায় আয়োজিত এক বিশাল জনসমাবেশে দেওয়া ভাষণে তিনি এ হুঁশিয়ারি দেন। খবর: প্রেস টিভি।
খামেনেয়ি বলেন, যুদ্ধ ও সামরিক শক্তি প্রদর্শন নিয়ে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বক্তব্য নতুন কিছু নয়। তার ভাষায়, আমেরিকানরা যদি এবার যুদ্ধ শুরু করে, তাহলে তা অবশ্যই আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে। কখনো কখনো তারা যুদ্ধের কথা বলে, বিমান ও যুদ্ধজাহাজের কথা তোলে এটি নতুন কোনো বিষয় নয়। যুদ্ধসহ সম্ভাব্য সব বিকল্প টেবিলে রয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির প্রসঙ্গে তিনি বলেন, এসব হুমকিতে ইরানি জাতির ভয় পাওয়ার কিছু নেই; এ ধরনের বক্তব্য ইরানের জনগণকে বিচলিত করতে পারবে না। একই সঙ্গে তিনি পরিষ্কার করে জানান, ইরান নিজে কখনোই যুদ্ধ শুরু করবে না। তবে যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে কঠোর জবাব দিতে তার দেশ সম্পূর্ণ প্রস্তুত।
খামেনেয়ি বলেন, আমরা যুদ্ধ শুরু করি না এবং কোনো দেশকে আক্রমণ করতে চাই না; কিন্তু কেউ যদি ইরানের ওপর আক্রমণ চালায় বা হয়রানি করে, ইরানি জাতি তাকে কঠোর জবাব দেবে।
তিনি আরও বলেন, অতীতের ষড়যন্ত্রগুলোর মতোই ইরানি জনগণ সাম্প্রতিক ‘আমেরিকান–জায়নবাদী ফিতনার’ আগুন নিভিয়ে দিয়েছে এবং ভবিষ্যতের যেকোনো চ্যালেঞ্জও দৃঢ়ভাবে মোকাবিলা করবে।
এদিকে চলতি মাসের শুরুতে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে হতাহতের ঘটনা নিয়েও মন্তব্য করেন খামেনেয়ি। তিনি বলেন, শত্রুপক্ষ হতাহতের সংখ্যা বাড়িয়ে দেখাতে চেয়েছিল এবং পরিস্থিতি আরও খারাপ হোক এমনটাই তারা কামনা করেছিল। তবে বর্তমান হতাহতের সংখ্যাও অত্যন্ত দুঃখজনক বলে তিনি উল্লেখ করেন।
