নিজস্ব প্রতিনিধিঃ চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) চান্দগাঁও ও কর্ণফুলী থানার যৌথ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিলের আয়োজক ও একাধিক মামলার আসামিসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
অদ্য ২৩ জুন ২০২৫ ইং তারিখ বিকেল ৫টায় চান্দগাঁও থানাধীন এক কিলোমিটার এলাকার নূরনগর হাউজিং সোসাইটির মাঠে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুলিশ।
অভিযানে গ্রেফতার করা হয় মিছিলের মূল আয়োজক ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় সদস্য হানিফ (৩২), পিতা মৃত হাফিজ আহমদ, সাং মাতাব্বর পাড়া, থানা লোহাগাড়া, জেলা চট্টগ্রাম। বর্তমানে সে চান্দগাঁও থানাধীন এক কিলোমিটার এলাকায় বসবাস করছিল।
এছাড়া তার সহযোগী সাজ্জাদ হোসেন (৩০), পিতা নিজাম উদ্দিন, মাতা পারভিন আক্তার, সাং চলনদ্বীপ, থানা বোয়ালখালী, জেলা চট্টগ্রামকেও ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে এবং তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দীর্ঘদিন ধরে নজরদারিতে ছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের বিরুদ্ধে আরও তদন্ত অব্যাহত রয়েছে।
