সীতাকুণ্ডে যুবদল নেতাদের ওপর হামলার ঘটনায় আসামি শাহাব উদ্দিন গ্রেপ্তার

by The Justice Bangla

নিজেস্ব প্রতিনিধিঃ চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল নেতা-কর্মীদের ওপর হামলা এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের হওয়া মামলার পলাতক আসামি মো. শাহাব উদ্দিন মেম্বারকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। তিনি উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক।

শুক্রবার (৩০ মে) ভোররাতে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নন্দীর হাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব জানায়, শাহাব উদ্দিন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা সম্ভব হয়েছে।

২০২৪ সালের ২৫ এপ্রিল সীতাকুণ্ডে যুবদলের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে হামলার অভিযোগ রয়েছে শাহাব উদ্দিনের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, তার নেতৃত্বে শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র ও ককটেল নিয়ে ওই অনুষ্ঠানে হামলা চালায়। এতে গুরুতর আহত হন যুবদল নেতা সাজ্জাদ হোসেন মামুন।

পরে একই বছরের ৭ নভেম্বর সাজ্জাদ হোসেন মামুন বাদী হয়ে সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ৮৭ জনের নাম উল্লেখ করা হয় এবং আরও শতাধিক অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়।

ঘটনার পর থেকেই শাহাব উদ্দিন আত্মগোপনে ছিলেন। র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিনের প্রচেষ্টার পর গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা হিসেবে তাকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

শাহাব উদ্দিনের বিরুদ্ধে থাকা অভিযোগ প্রমাণিত হলে তিনি আইনের আওতায় শাস্তি ভোগ করবেন। এ ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে এবং সংশ্লিষ্ট অন্যান্য আসামিদের গ্রেপ্তারে র‍্যাবের অভিযান চলমান।

You may also like

Leave a Comment