স্পোর্টস ডেস্কঃ প্রথম শ্রেণির ক্রিকেটে অবিশ্বাস্য এক বিশ্বরেকর্ড গড়েছে পাকিস্তান টেলিভিশন (পিটিভি)। ২৫৩ বছরের প্রথম শ্রেণির ক্রিকেট ইতিহাসে সর্বনিম্ন রানের লক্ষ্য দিয়েও জয় পাওয়ার নজির স্থাপন করেছে দলটি।
পাকিস্তানের ঘরোয়া টুর্নামেন্ট প্রেসিডেন্স ট্রফির ম্যাচে সুই নর্দার্ন গ্যাস পাইপলাইন্স লিমিটেডের (এসএনজিপিএল) বিপক্ষে মাত্র ৪০ রানের লক্ষ্য ছুড়ে দেয় পিটিভি। জয়ের জন্য মামুলি এই লক্ষ্য তাড়া করতে নেমে এসএনজিপিএল মাত্র ৩৭ রানেই অলআউট হয়ে যায়। ফলে মাত্র ২ রানের নাটকীয় জয় পায় পিটিভি।
এই ঐতিহাসিক জয়ে পিটিভির হয়ে ম্যাচের নায়ক ছিলেন বাঁহাতি স্পিনার আলি উসমান। তিনি মাত্র ৯ রান খরচে ৬ উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন। উল্লেখযোগ্য বিষয় হলো, এবারের কায়েদ-ই-আজম ট্রফিতেও সর্বোচ্চ উইকেটশিকারি এই আলি উসমান। এছাড়া বাকি ৪টি উইকেট নেন পেসার আমাদ বাট।
এবারের প্রেসিডেন্স ট্রফিতে লো-স্কোরিং ম্যাচ ও দ্রুত খেলা শেষ হওয়া নিয়মিত ঘটনা হলেও, এই ম্যাচের প্রথম দুই ইনিংস ছিল তুলনামূলক স্বাভাবিক। প্রথম ইনিংসে পিটিভি ১৬৬ রানে অলআউট হলে জবাবে এসএনজিপিএল ২৩৮ রান করে ৭২ রানের লিড নেয়। তবে করাচির পিচ দ্রুত বদলে যাওয়ায় দ্বিতীয় ইনিংসে পিটিভি মাত্র ১১১ রানেই গুটিয়ে যায়।
মাত্র ৪০ রানের লক্ষ্য পাওয়ায় এসএনজিপিএলের জয় তখন সময়ের ব্যাপার বলেই মনে হচ্ছিল। কিন্তু শেষ ইনিংসে ঘটে যায় ক্রিকেট ইতিহাসের অন্যতম অবিশ্বাস্য ঘটনা।
প্রথম শ্রেণির ক্রিকেটে এর আগে এত কম রানের পুঁজি নিয়েও জয়ের নজির ছিল না। আগের রেকর্ডটি ছিল ১৭৯৪ সালে। সে সময় লর্ডস ওল্ড গ্রাউন্ডে এমসিসিকে ৪১ রানের লক্ষ্য দিয়ে ৬ রানের জয় পেয়েছিল ওল্ডফিল্ড। ২৩২ বছর পর সেই ঐতিহাসিক রেকর্ড ভেঙে নতুন ইতিহাস লিখল পাকিস্তান টেলিভিশন পিটিভি ।
