সিলেটে প্রতিনিধিঃ সিলেট নগরীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত করার দাবিতে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রধান ফটকে পথযাত্রা কর্মসূচি ও নাগরিক শপথ কর্মসূচি পালন করেছে সিলেট কল্যাণ সংস্থা। কর্মসূচি থেকে আগামী ১৫ জুলাইয়ের মধ্যে নগরীকে হকার মুক্ত না করলে ১৬ জুলাই নগর ভবন ও জেলা প্রশাসকের কার্যালয় ব্লকেড করার কর্মসূচি ঘোষনা করা হয়েছে।
সোমবার সকাল ১১টার দিকে সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা এবং সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
পথযাত্রা ও শপথ কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা বলেন, সিলেট শহরের ফুটপাত ও সড়ক দখল করে চলমান অবৈধ হকারদের কারণে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। ফুটপাত পথচারীদের জন্য, কিন্তু তা দখলে চলে গেছে ব্যবসায়ী চক্রের হাতে। জনগণের চলাচলের পথ রুদ্ধ করে ব্যবসা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
বক্তারা আরও বলেন, একাধিকবার প্রশাসনকে অবগত করেও কোনো স্থায়ী সমাধান হয়নি। তাই আমরা বাধ্য হয়ে আজকে পথযাত্রা এবং নাগরিক শপথ নিয়েছি। আগামী ১৫ জুলাইয়ের মধ্যে ফুটপাত ও সড়ক হকারমুক্ত করা না হলে ১৬ জুলাই কঠোর আন্দোলনের অংশ হিসেবে নগরীতে অবরোধ (ব্লকেড) কর্মসূচি ঘোষণা করা হবে।
এসময় উপস্থিত ছিলেন- সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সিলেট কল্যাণ সংস্থার সভাপতি মিজানুর রহমান, যুব কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আশরাফুল হক, প্রবাসী কল্যাণ সংস্থার প্রতিনিধি মাহমুদ হোসেনসহ তিন সংগঠনের নেতৃবৃন্দ এবং সচেতন নাগরিকরা।
পথযাত্রা শেষে অংশগ্রহণকারীরা ‘ফুটপাত আমাদের অধিকার’, ‘হকারমুক্ত শহর চাই’, ‘জনগণের চলাচলের পথ ফিরিয়ে দাও’- এমন বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে নাগরিক শপথ পাঠ করেন।
উল্লেখ্য, সিলেট শহরের ব্যস্ততম এলাকায় দীর্ঘদিন ধরেই ফুটপাত ও রাস্তার একাংশ দখল করে হকাররা ব্যবসা করে আসছেন। ফলে শহরে যানজট, জনদুর্ভোগ ও চলাচলের অসুবিধা বাড়ছে। নাগরিকরা বারবার অভিযোগ করলেও কার্যকর ব্যবস্থা দেখা যাচ্ছে না বলে অভিযোগ রয়েছে।
এবার সংগঠনগুলোর ঘোষণায় নগরবাসীর মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
