১২ ফেব্রুয়ারির নির্বাচন অপশাসন বনাম গণতন্ত্রের চূড়ান্ত লড়াই : সালাহউদ্দিন আহমদ

by The Justice Bangla

মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার প্রতিনিধিঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার–১ (চকরিয়া-পেকুয়া) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয় এটি ফ্যাসিবাদী অপশাসন থেকে মুক্তির চূড়ান্ত রায়। জনগণের রায়ে বিএনপি ক্ষমতায় এলে উন্নয়নের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতকে কর্মের শক্তিতে রূপান্তর করা হবে।

সোমবার (২৬ জানুয়ারি) চকরিয়ার খুটাখালী ও বমুবিলছড়িতে পৃথক নির্বাচনী জনসভায় তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ গত ১৫ বছরে ব্যাংক লুট করে প্রায় ২৯ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। এই অর্থ দিয়ে একাধিক পদ্মা সেতু নির্মাণ সম্ভব ছিল। গণঅভ্যুত্থানের মুখে পতিত এই সরকার দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, আমাকে গুম করে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল। আল্লাহর রহমত ও জনগণের ভালোবাসায় আমি বেঁচে ফিরে এসেছি। আজ সেই ফ্যাসিবাদ ছাত্র-জনতার গণরোষে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত।

তিনি বলেন, স্বাধীনতার ও সার্বভৌমত্ববিরোধী একটি শক্তি বিদেশি মদদে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় ফেরার স্বপ্ন দেখছে। তাদের রাষ্ট্র পরিচালনার কোনো পরিকল্পনা নেই। জনগণের দল বিএনপির হাতেই একমাত্র দেশের পতাকা ও স্বাধীনতা নিরাপদ।

আওয়ামী লীগ সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ভুলের রাজনীতি পরিত্যাগ করে স্বাধীনতাপন্থী শক্তির পাশে দাঁড়ান। বাংলাদেশ কোনো করদ রাষ্ট্র নয় এটি একটি স্বাধীন সার্বভৌম দেশ।

আগামী ১২ ফেব্রুয়ারি রাষ্ট্রের মালিকানা পুনরুদ্ধারে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান বিএনপির এই শীর্ষ নেতা।

You may also like

Leave a Comment