মোহাম্মদ এমদাদ হোসেন ভূঁইয়া, সিলেট ব্যুরোঃ সিলেট কেন্দ্রীয় কারাগার–১ এ অনুষ্ঠিত হয়েছে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান–২০২৫। কারা কর্মকর্তা ও কর্মচারীদের কর্মদক্ষতা, শৃঙ্খলা, সততা ও দায়িত্বশীলতার স্বীকৃতি দিতে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কারা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, সম্মানিত অতিথি এবং বিভিন্ন ইউনিটের দায়িত্বপ্রাপ্তরা।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কারা উপ-মহাপরিদর্শক মোঃ আলতাব হোসেন (সিলেট বিভাগ)। তিনি তাঁর বক্তব্যে কারা বিভাগের দায়িত্বপালনের গুরুত্ব, মানবিক মূল্যবোধ ও পেশাদারিত্ব বজায় রাখার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, কারা কর্মকর্তা–কর্মচারীদের দায়িত্ব শুধু পাহারা দেওয়া নয় বন্দীদের সংশোধন, পুনর্বাসন ও নৈতিক উন্নয়নে প্রত্যেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আপনাদের নিষ্ঠা ও ত্যাগের কারণেই কারা ব্যবস্থায় শৃঙ্খলা বজায় থাকে।
সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন
১। প্রশান্ত কুমার বণিক, সিনিয়র জেল সুপার, সিলেট কেন্দ্রীয় কারাগার, বন্দরবাজার।
২। মোঃ তারিকুল ইসলাম, জেল সুপার, মৌলভীবাজার জেলা কারাগার।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত উপ কারা মহাপরিদর্শক মোছাঃ নাহিদা পারভীন (সিলেট বিভাগ)। তিনি বলেন, ‘‘বার্ষিক পুরস্কার কর্মকর্তা–কর্মচারীদের উৎসাহ, কর্মনিষ্ঠা ও মনোবল বৃদ্ধির একটি কার্যকর মাধ্যম। এই স্বীকৃতি আপনাদের আরও দায়িত্বশীল হয়ে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।’’
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সিলেট কেন্দ্রীয় কারাগার বাডাঘাটের জেলার মোঃ তরিকুল ইসলাম। তিনি অত্যন্ত সুনিপুণভাবে পুরো আয়োজন পরিচালনা করে অনুষ্ঠানকে সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করেন।
পুরো অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন ডেপুটি জেলার মোঃ মিজানুর রহমান ও কারারক্ষী হামদানুর তুহিন।
অনুষ্ঠানে কারা কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন শাখায় বার্ষিক শৃঙ্খলা, কর্মদক্ষতা, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে পুরস্কার প্রদান করা হয়। অতিথিবৃন্দ পুরস্কৃত সকলকে অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে কারা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, আমন্ত্রিত অতিথি ও অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
