শাহ আমানত বিমানবন্দরে নিরাপত্তা মহড়া

by Samir Khan

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা মহড়া- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) সকাল ১১ টায় মহড়াটি শুরু হয়।

মহড়ার মূল লক্ষ্য ছিল কোন এয়ারক্রাফটে বোমা বা বোমা সদৃশ বস্তু পাওয়া গেলে যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া এবং তা নিষ্ক্রিয় করার প্রক্রিয়া অনুশীলন করা।

আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (ICAO) নির্দেশনা অনুযায়ী, ছিনতাই, অগ্নি নিরাপত্তা ও বোমা হামলাসহ বিভিন্ন ঝুঁকি মোকাবিলার সক্ষমতা যাচাই ও বৃদ্ধির লক্ষ্যে প্রতি দুই বছর পরপর এমন মহড়ার আয়োজন করা হয়।

মহড়ায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক), বিমান-নৌ-সেনাবাহিনী, সিএমপি, বাংলাদেশ আনসার, বাংলাদেশ কাস্টমস, বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশ, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, বিমানবাহিনী মেডিক্যাল টীম, বিমানবন্দরের মেডিক্যাল টীম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সহ অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা অংশগ্রহন করে।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।

প্রধান অতিথির বক্তব্যে এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া বলেন, যথাযথ প্রস্তুতি ছাড়া কোনো কার্যক্রম কার্যকরভাবে সম্পন্ন করা সম্ভব নয়, আর তাই প্রশিক্ষণ ও নিয়মিত অনুশীলন অপরিহার্য।

তিনি আরও বলেন, আইকাও-এর নির্দেশনা অনুযায়ী প্রতিটি আন্তর্জাতিক বিমানবন্দরের উচিত সময়োপযোগী মহড়ার মাধ্যমে নিজেদের প্রস্তুতি ও সক্ষমতা যাচাই করা। তারই নির্দেশনা হিসেবে আজকের এই মহড়ার আয়োজন। এছাড়াও বিভিন্ন সংস্থার সম্মিলিত ও সমন্বিত প্রচেষ্টায় পরিস্থিতি সুচারুভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বেবিচক, বিমান-নৌ-সেনাবাহিনী, স্থানীয় জেলাপ্রশাসন ও বিভিন্ন এয়ারলাইনস্ সহ মহড়ায় অংশগ্রহণকারী বিভিন্ন সংস্থার ঊর্ধ্বর্তন কর্মকর্তারা।

You may also like

Leave a Comment