নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যাটারীচালিত এ-হুইলার যান শ্রমিকদলের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কেন্দ্রীয়ভাবে ২৫ সদস্যের উপদেষ্টা পরিষদসহ এ কমিটি অনুমোদন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর শ্রমবিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দীন।

১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে রাজধানীর নয়া পল্টনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সংগঠনকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে মোঃ শাহিনুর ইসলাম দুখুকে সভাপতি এবং ইঞ্জিনিয়ার জসীমউদ্দিনকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ এম নাজিম উদ্দীন।
তিনি বলেন, ব্যাটারিচালিত এ-হুইলার যান শ্রমিকদের সংগঠনকে শক্তিশালী করতে হবে। সারা দেশের শ্রমিকদের ঐক্যবদ্ধ করে তাদের ন্যায্য অধিকার আদায় ও শিল্পের টেকসই উন্নয়নে কাজ করতে হবে। শ্রমিকদের স্বার্থরক্ষা ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
নবনির্বাচিত সভাপতি মোঃ শাহিনুর ইসলাম দুখু দায়িত্ব প্রদান করায় দলীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী শ্রমিকদের নিয়ে একটি সুশৃঙ্খল ও কার্যকর সংগঠন গড়ে তোলা হবে। তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জসীমউদ্দিন বলেন, ব্যাটারিচালিত এ-হুইলার যান শ্রমিকদলকে একটি সুসংগঠিত ও গতিশীল প্ল্যাটফর্মে রূপান্তর করা হবে। শ্রমিকদের অধিকার, নিরাপত্তা ও পেশাগত স্বার্থ রক্ষায় সংগঠনকে সক্রিয় রাখা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
