শারীরিক দুর্বলতা ও ফুসফুসের জটিলতায় হাসপাতালে ড. কামাল হোসেন

by The Justice Bangla

মোহাম্মদ রফিকুল ইসলাম,ঢাকাঃ শারীরিক দুর্বলতা ও ফুসফুসজনিত সমস্যায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সংবিধান প্রণেতা ও গণফোরামের প্রতিষ্ঠাতা ড. কামাল হোসেন। শুক্রবার তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

গণফোরামের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দলটির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ড. কামাল হোসেন বর্তমানে শারীরিক দুর্বলতা ও ফুসফুসের জটিলতায় ভুগছেন এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

বিজ্ঞপ্তিতে ড. কামাল হোসেনের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, গত বুধবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে গেলে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়েন ড. কামাল হোসেন। অতিথিদের তালিকায় তার নাম না থাকায় এসএসএফ কর্তৃপক্ষ ভিআইপি রুট দিয়ে তার গাড়ি প্রবেশ করতে দেয়নি। ফলে তাকে হুইলচেয়ারে বসে বিপুল জনতার মধ্য দিয়ে দীর্ঘ পথ অতিক্রম করতে হয়।

দলটির দাবি, ওই ঘটনার পর থেকেই ড. কামাল হোসেন শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন এবং পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

ড. কামাল হোসেনের অসুস্থতার খবরে রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা।

You may also like

Leave a Comment