রোড ক্র্যাশের তথ্য সংগ্রহে সিএমপির প্রশিক্ষণ কর্মশালা

by The Justice Bangla

নিজস্ব প্রতিবেদনঃ সড়ক দুর্ঘটনা কমাতে তথ্যপ্রমাণভিত্তিক পদক্ষেপ নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে। কর্মশালায় রোড ক্র্যাশের তথ্য সংগ্রহের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) এবং অনলাইনে অ্যাকসিডেন্ট রিপোর্ট ফরম (এআরএফ) এন্ট্রির পদ্ধতি নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

ব্লুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটি (বিআইজিআরএস)-এর অংশ হিসেবে আন্তর্জাতিক সংস্থা ভাইটাল স্ট্র্যাটেজিসের সহযোগিতায় বুধবার সকালে সিএমপি সদর দপ্তরে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আসফিকুজ্জামান আক্তার বিপিএম। তিনি বলেন,

সঠিক ও নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে সড়ক দুর্ঘটনার মূল কারণ চিহ্নিত করা সম্ভব হবে। এর ফলে প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণ সহজ হবে এবং কার্যকর সড়ক নিরাপত্তা নীতি প্রণয়ন করা যাবে।

তিনি নবগঠিত সড়ক নিরাপত্তা সেল (আরএসসি) এবং এর কার্যক্রম সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করেন। তিনি জানান, নতুন এই প্রক্রিয়া দুর্ঘটনা সংক্রান্ত তথ্যের মান ও নির্ভরযোগ্যতা উল্লেখযোগ্যভাবে বাড়াবে।

পরে বিআইজিআরএস চট্টগ্রামের সার্ভেইল্যান্স কোঅর্ডিনেটর কাজী সাইফুন নেওয়াজ হাতে-কলমে প্রশিক্ষণ দেন। তিনি অংশগ্রহণকারীদের কাগজ-কলমে ও অনলাইনে এআরএফ পূরণের প্রক্রিয়া দেখান এবং ব্যবহারিক অনুশীলনের ব্যবস্থা করেন।

কর্মশালায় সিএমপির অধীনস্থ সব থানার ৩৬ জন কর্মকর্তা— অফিসার-ইন-চার্জ, পরিদর্শক, উপ-পরিদর্শক, অপারেটর এবং রোড সেফটি সেলের প্রতিনিধিরা অংশ নেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিআইজিআরএস চট্টগ্রামের এনফোর্সমেন্ট কোঅর্ডিনেটর কাজী হেলাল উদ্দিন।

You may also like

Leave a Comment