রামুর রশিদ নগরে দিনদুপুরে মহিলাকে শ্লীলতাহানির চেষ্টা

স্বর্ণের আংটি ও মোবাইল লুট, এলাকায় চাঞ্চল্য

by The Justice Bangla

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজারঃ কক্সবাজারের রামু উপজেলার রশিদ নগর ইউনিয়নের পানিরছড়া মামুন মিয়ার বাজারে দিনদুপুরে এক মহিলাকে শ্লীলতাহানির চেষ্টা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ভারুয়া খালি সাবেক পাড়া এলাকার কাশেমের মেয়ে নাসিমা আক্তার দাদীকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথিমধ্যে স্বাদ কুলিং কর্নারের সামনে পৌঁছালে আগ থেকে ওঁত পেতে থাকা ভারুয়া খালির চরপাড়া এলাকার মৃত মোহাম্মদ নুরুল আলমের পুত্র মোহাম্মদ নাছির উদ্দীন (২২) সহ ৪-৬ জন অজ্ঞাত যুবক নাসিমাকে ঘিরে ধরে শ্লীলতাহানির চেষ্টা চালায়।

এসময় নাসিমার দাদী চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরিস্থিতি আঁচ করতে পেরে হামলাকারীরা দ্রুত সটকে পড়ে। তবে যাওয়ার সময় তারা নাসিমা আক্তারের হাতের স্বর্ণের আংটি, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্বাদ কুলিং কর্নারের কর্মচারী আব্দুল্লাহ জানান, তাদের দোকানের সামনেই এ ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, নাসিমার পিতা বাদী হয়ে রামু থানায় লিখিত এজাহার দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

You may also like

Leave a Comment