বৈদেশিক প্রতিনিধিঃ যুক্তরাষ্ট্রে কল্যাণভাতা ও সরকারি সহায়তা পাওয়া অভিবাসীদের দেশভিত্তিক একটি তালিকা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ওই তালিকায় বাংলাদেশ, পাকিস্তান, ভুটান, চীন, নেপালসহ বিশ্বের প্রায় ১২০টি দেশ ও অঞ্চলের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে এ তালিকায় ভারতের নাম নেই।
প্রকাশিত তালিকায় উল্লেখ করা হয়েছে, বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রে আসা অভিবাসীদের কত শতাংশ কল্যাণভাতা ও সরকারি সহায়তা গ্রহণ করছেন। এতে দেখা যায়, দক্ষিণ এশিয়ার একাধিক দেশসহ এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার বহু দেশের অভিবাসীরা যুক্তরাষ্ট্রের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সহায়তা পাচ্ছেন।
তবে বিস্ময়করভাবে এই তালিকায় বিশ্বের অন্যতম বৃহৎ অভিবাসী জনগোষ্ঠী থাকা সত্ত্বেও ভারতের নাম অনুপস্থিত। বিষয়টি নিয়ে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে।
বিশ্লেষকদের মতে, প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসনবিরোধী কঠোর নীতির প্রেক্ষাপটে এই তালিকা রাজনৈতিক বার্তা বহন করছে। অভিবাসন ও কল্যাণভাতা ব্যবস্থার ওপর নতুন করে চাপ সৃষ্টির কৌশল হিসেবেই এ তালিকা প্রকাশ করা হয়েছে বলে মনে করছেন অনেকে।
এ বিষয়ে হোয়াইট হাউস কিংবা সংশ্লিষ্ট কোনো দপ্তর এখনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি।
