ফেনী প্রতিনিধিঃ ফেনীর সোনাগাজীর মৎস্য চাষীদের নিরাপত্তার দাবিতে এবার জেলাপ্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন করেছেন মৎস্য চাষীরা।

রোববার( ৫ অক্টোবর) দুপুরে চরখোন্দকার ও দক্ষিণ চরখোন্দকার মৎস্য মালিক সমিতির সদস্যরা জেলা প্রশাসক সাইফুল ইসলাম ও পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের কাছে স্মারকলিপি প্রদান করেন।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তারা মানববন্ধন কর্মসূচি পালন করেন। মৎস্য খামার জবর দখল,অব্যাহত লুটপাট, চাঁদাবাজি, খামারে পাড় কাটা, সোনাগাজী সার্কেল অফিসে সালিস বাণিজ্য ও মাছ চু*রির প্রতিবাদে তারা এসব কর্মসূচি পালন করেন।
তারা বলেন, গত ৩০ অক্টোবর গভীর রাতে চরখোন্দকার এলাকায় স্কেভেটর দিয়ে ছয়টি মৎস্য খামারের পাড় কেটে দিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে খামারিদের প্রায় পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে। অপু ও হাসান নামে দুইজন স্কেভেটর চালককে মারধর’ করে স্থানীয় জনতা পুলিশে সোপর্দ করেছেন। কিন্তু তারা পুলিশের কাছে জানিয়েছেন অজ্ঞাত দুর্বৃত্তরা তাদেরকে অস্ত্রের মুখে জি-ম্মি করে মৎস্য খামারগুলোর পাড় কেটে দিয়েছে।
তাদের দাবি তারা এ ঘটনায় থানায় ছয়টি পৃথক অভিযোগ দায়ের করেছেন। চরখোন্দকার মৎস্য খামার মালিক সমিতির সভাপতি শেখ রাসেলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মৎস্য খামার মালিক সাইফুল ইসলাম, করিমুল হক, ইনামুল হক, মোমিন হোসেন, ইসমাইল হোসেন, আবু ইউসুফ, রহমত উল্লাহ, সালাহ উদ্দিন প্রমূখ।
এর আগে গত ২ অক্টোবর একই দাবিতে তারা সোনাগাজী পৌর শহরের জিরোপয়েন্টে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
এ বিষয়ে জানতে চাইলে পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, বিষয়টি জেনে জেলা প্রশাসক সাইফুল ইসলাম এর সাথে কথা হয়েছে। এবং প্রাথমিক ভাবে ওসি সোনাগাজী ও উপজেলা নির্বাহী অফিসার কে দায়িত্ব দেওয়া হয়েছে।
