আশফাক আহমদ | জেলা প্রতিনিধি | মৌলভীবাজারঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের গণঅধিকার পরিষদ মনোনীত ট্রাক প্রতীকের সংসদ সদস্যপ্রার্থী আব্দুন নুর তালুকদার ৬ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন।
বুধবার সন্ধ্যায় উপজেলার পৌরশহরের ইয়াম্মি প্যারাডাইস রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে অনুষ্ঠিত ইশতেহার ঘোষণার লিখিত বক্তব্যে আব্দুন নুর তালুকদার বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের তিনি একজন সংগঠক, রাষ্ট্র সংস্কার ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার অঙ্গীকারবদ্ধ কর্মী। জনগণের ভোটে বিজয়ী হয়ে জাতীয় সংসদে শপথ গ্রহণের প্রথম ৩০ দিনের মধ্যেই মৌলভীবাজার-১ আসনকে একটি সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত আদর্শ আসনে রূপান্তরের উদ্যোগ গ্রহণ করবেন। সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে তার অবস্থান থাকবে জিরো টলারেন্স। প্রাতিষ্ঠানিক দুর্নীতি ও দুঃশাসনের অবসান ঘটাবেন। খাদ্য নিরাপত্তা ও পুনর্বাসনে প্রতিটি মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের জন্য সুলভমূল্যে খাদ্য ক্রয়ের লক্ষ্যে একটি করে রেশন কার্ড প্রদান নিশ্চিত করবেন। পরিবহনে শৃঙ্খলা ও ভাড়া নির্ধারণে সব ধরণের পরিবহনের জন্য সুনির্দষ্ট ও বাস্তবসম্মত ভাড়ার তালিকা প্রণয়ন করবেন। নাগরিক অভিযোগ ও সামাজিক সম্প্রীতি, শান্তি ও আস্থা প্রতিষ্ঠায় প্রত্যেকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থাপন করবেন নাগরিক অভিযোগ বক্স। এছাড়া তরুণদের কর্মসংস্থান ও পর্যটন উন্নয়ন, শ্রমিকদের মর্যাদা ও সুরক্ষায় পর্যায়ক্রমে চালু করবেন শ্রমিক কার্ড। নির্বাচনি ইশতেহার ঘোষণাকালে গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী আব্দুন নুর তালুকদারের সাথে উপস্থিত ছিলেন বদরুল ইসলাম, আব্দুর রহমান, তুহিন আহমদ, কলিম উদ্দিন, আব্দুস সামাদ, সুমন আহমদ সহ দলীয় কর্মী সমর্থকরা।
