মুসাব্বির হত্যাকাণ্ডে প্রধান শুটারসহ তিনজন গ্রেপ্তার

by The Justice Bangla

নিজস্ব প্রতিবেদনঃ ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বির হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান শুটারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

শুক্রবার (৯ জানুয়ারি) গভীর রাতে মানিকগঞ্জ ও গাজীপুরে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন মামলার প্রধান শুটার জিনাত এবং হত্যাকাণ্ডের সন্দেহভাজন পরিকল্পনাকারী বিল্লাল। অপর গ্রেপ্তার ব্যক্তির পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে।

এর আগে বুধবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় তেজতুরী বাজার সংলগ্ন স্টার হোটেলের গলিতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির (৪৫)।

ঘটনার পর নিহতের স্ত্রী সুরাইয়া বেগম বাদী হয়ে তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ডিবি সূত্র জানায়, গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ চলছে এবং হত্যাকাণ্ডে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

You may also like

Leave a Comment