বৈদেশিক বার্তাঃ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান যুক্তরাষ্ট্রের শিকাগোতে ২৬–২৭ ডিসেম্বর অনুষ্ঠিত মুসলিম আমেরিকান সোসাইটির (MAS) বার্ষিক সম্মেলনে একটি লিখিত বার্তা পাঠিয়েছেন। বার্তায় তিনি বৈশ্বিক মুসলিম ঐক্যের ওপর জোর দেন এবং মুসলিম আমেরিকান সমাজের নীতিগত অবস্থান ও ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
প্রতিবছরের মতো এবারও এরদোয়ান ভিডিও কনফারেন্স বা লিখিত বার্তার মাধ্যমে সম্মেলনে অংশ নেন। এবছরের সম্মেলনের প্রতিপাদ্য ছিল অগ্নিপরীক্ষায় বিশ্বাস: অশান্ত সময়েও দৃঢ়ভাবে অটল থাকা’’।
বার্তায় সম্মেলনে আমন্ত্রণ জানানোর জন্য মুসলিম আমেরিকান সোসাইটি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, এই সম্মেলন ইসলামী বিশ্বের জন্য ইতিবাচক ও ফলপ্রসূ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদী। তিনি বলেন,
দুঃখজনকভাবে যেসব মানুষের সঙ্গে আমাদের হৃদয় একাত্ম, সেই অঞ্চলগুলো আজ যুদ্ধ, সংকট ও অস্থিতিশীলতার চক্রে আবদ্ধ। এই বিশৃঙ্খল সময়ে পারস্পরিক বিশ্বাস ও ঐক্যের মাধ্যমেই সব ধরনের আক্রমণ ও চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব।
এরদোয়ান আরও বলেন, মুসলিম আমেরিকান সমাজের নীতিগত অবস্থান ও সাহসী উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তিনি আশা প্রকাশ করেন, এই অবস্থান সত্য উপেক্ষাকারী অন্যান্য সম্প্রদায়ের জন্যও অনুকরণীয় হবে এবং একটি বৈশ্বিক জাগরণের সূচনা করবে।
সম্মেলনের আয়োজকেরা জানান, এবছরের প্রতিপাদ্য মূলত মুসলিম বিশ্ব, বিশেষ করে ফিলিস্তিনিদের ওপর চলমান নিপীড়ন ও চ্যালেঞ্জের প্রতিফলন। গাজায় ২০২৩ সাল থেকে চলমান ইসরাইলি হামলায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতা, আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা এবং ইসরাইলের প্রতি পক্ষপাতদুষ্ট সমর্থনের বিরুদ্ধে সোচ্চার হওয়াই ছিল এই সম্মেলনের মূল লক্ষ্য।
শিকাগোর এই সম্মেলনে তুরস্ক থেকে অংশ নেন ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (AK Party) নারী শাখার প্রধান তুগবা ইশিক এরজান। উদ্বোধনী অধিবেশনে তিনি গাজা ও অন্যান্য নিপীড়িত মুসলিম অঞ্চলে তুরস্কের মানবিক কূটনীতির অবস্থান তুলে ধরেন। তিনি মানবিক সহায়তা করিডোর খোলার উদ্যোগ, আন্তর্জাতিক আইন বাস্তবায়ন এবং অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বানের কথা উল্লেখ করেন।
একই সঙ্গে তুগবা ইশিক এরজান জানান, ইসরাইলের সঙ্গে সব ধরনের বাণিজ্য স্থগিতসহ বিভিন্ন কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে তুরস্ক, যা প্রেসিডেন্ট এরদোয়ানের “ন্যায়ভিত্তিক পররাষ্ট্রনীতি’র স্পষ্ট প্রতিফলন।
