মীরসরাইয়ে রেললাইন থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

by The Justice Bangla

মীরসরাই প্রতিনিধিঃ চট্টগ্রামের মীরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈয়াছড়া নাথপাড়া এলাকা থেকে এক অজ্ঞাত যুবকের (প্রায় ৩০) লাশ উদ্ধার করেছে চট্টগ্রাম রেলওয়ে পুলিশ (জিআরপি)।

সোমবার (১৫ ডিসেম্বর) সকালে নাথপাড়া এলাকার রেললাইনের পাশে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা মীরসরাই থানা ও চট্টগ্রাম রেলওয়ে পুলিশকে খবর দেন।

প্রত্যক্ষদর্শী সেলিম জানান, সকালে ঘুম থেকে উঠে রেললাইনের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে তিনি পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ টিম পাঠানো হয় এবং তিনি নিজে ঘটনাস্থলে উপস্থিত হন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই যুবক রেল থেকে পড়ে মারা যেতে পারেন। পরে চট্টগ্রাম রেলওয়ে পুলিশকে অবহিত করা হলে তারা লাশ উদ্ধার করে।

চট্টগ্রাম রেলওয়ে থানা পুলিশ (জিআরপি)-এর সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাশেদ রানা বলেন, খৈয়াছড়া নাথপাড়া এলাকায় রেললাইনের পাশে একটি লাশ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করা হয়েছে। নিহত যুবকের পরনে ছিল জিন্স প্যান্ট ও কপি রঙের গেঞ্জি। তবে তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

You may also like

Leave a Comment