মীরসরাই প্রতিনিধি, এম জাবেদ হোসাইনঃ মাত্র ১২০ দিনে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করে বিরল কৃতিত্ব অর্জন করেছে ১১ বছর বয়সী আব্দুল্লাহ আল আজহার। সে চট্টগ্রামের মীরসরাই উপজেলার মসজিদিয়া ইউনুছিয়া ইসলামিয়া নয়দুয়ারিয়া মাদরাসা ও এতিমখানা থেকে এই সাফল্য অর্জন করে।
আব্দুল্লাহ আল আজহার ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দেবীপুর গ্রামের মৃত নুর জামাল ও বিবি হাজেরার একমাত্র সন্তান। শৈশবে পিতৃহারা হওয়ার পর থেকে সে মীরসরাই উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বড় কমলদহ এলাকায় মামা আকতার হোসেনের কাছে বড় হচ্ছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) মাদরাসায় আয়োজিত সবক প্রদান ও দোয়া অনুষ্ঠানে অতিথিরা আজহারের হাতে পুরস্কার তুলে দেন।
আজহারের মা বিবি হাজেরা বলেন, আমার স্বপ্ন ছিল হাফেজের মা হওয়ার। আল্লাহর অশেষ রহমতে সেই স্বপ্ন পূরণ হয়েছে। আমি আশা করি ভবিষ্যতে আজহার একজন যোগ্য আলেম হিসেবে গড়ে উঠবে।
আজহারের মামা আকতার হোসেন বলেন, ছোটবেলা থেকেই আজহার আমার তত্ত্বাবধানে বড় হয়েছে। তার এই সাফল্যে আমি গর্বিত। তাকে একজন যোগ্য আলেম হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক সহযোগিতা করব।
মাদরাসার হেফজ বিভাগের শিক্ষক হাফেজ মাওলানা আব্দুর রহিম বলেন, আমার ১৮ বছরের শিক্ষকতা জীবনে এত অল্প সময়ে হেফজ সম্পন্ন করা ছাত্র আর পাইনি। আজহার অত্যন্ত মেধাবী। সে এর আগে নূরানী বোর্ড পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে।
তিনি আরও বলেন, যেখানে অন্য ছাত্ররা দিনে এক থেকে দেড় পৃষ্ঠা পড়া শোনাত, সেখানে আজহার নিয়মিত দিনে পাঁচ পৃষ্ঠা করে পড়া শোনাত।
