মীরসরাই প্রতিনিধিঃ উত্তর চট্টগ্রামের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৬ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১১টায় কলেজের হলরুমে প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান সমন্বয়ক শাহেদ আহসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদস্য সচিব হাসান রিজভী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও নজরুল গবেষক ড. মুহাম্মদ কামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আবচার উদ্দিন, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপিকা শামসুর নাহার, গণিত বিভাগের সহকারী অধ্যাপক কামাল উদ্দিন, প্রাক্তন শিক্ষার্থী পরিষদের মুখপাত্র শহিদুল ইসলাম রয়েল, অর্থ সচিব জিয়াউল হকসহ প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।
অতিথিরা তাদের বক্তব্যে বলেন, তোমরা যে কৃতিত্ব অর্জন করেছো, এটি কোনো একদিনের পরিশ্রমের ফল নয়। নিয়মিত অধ্যবসায়, শৃঙ্খলা ও লক্ষ্যনিষ্ঠার ফল এটি। শিক্ষা শুধু পরীক্ষার জন্য নয়, মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার জন্যও অপরিহার্য।
তারা আরও বলেন, সমাজ ও দেশের জন্য কিছু করার মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে। দেশের উন্নয়নে তোমাদের মতো মেধাবী, সৎ ও পরিশ্রমী তরুণদেরই প্রয়োজন।
