মিরসরাইয়ে শতভাগ বিদেশি বিনিয়োগে ৫০ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্র

by The Justice Bangla

বিশেষ প্রতিনিধিঃ চট্টগ্রামের মিরসরাই উপজেলায় গড়ে উঠছে দেশের অন্যতম বৃহৎ সৌর বিদ্যুৎকেন্দ্র। জার্মান বহুজাতিক প্রতিষ্ঠান আইভি ভোগট-এর সহযোগী প্রতিষ্ঠান সোনাগাজী সোলার পাওয়ার লিমিটেড শতভাগ বৈদেশিক বিনিয়োগে ৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এ বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে।

সরকারি চুক্তি ও জমি অধিগ্রহণ প্রকল্প বাস্তবায়নে ইতোমধ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সঙ্গে পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট (PPA) এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (PGCB)-এর সঙ্গে ইমপ্লিমেন্টেশন এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছে।
এ লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের অনুমোদনে গেরামারা মৌজায় ১৪২.৫৫ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। বর্তমানে দ্রুতগতিতে জমি উন্নয়নকাজ চলছে।

বিদ্যুৎ সরবরাহের সময়সূচি প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী বছরের মাঝামাঝি সময়ে ৭ কিলোমিটার দীর্ঘ সঞ্চালন লাইন স্থাপনের কাজ শেষ হবে। এরপর বারৈয়ারহাট ১৩২/৩৩ কেভি সাব-স্টেশনের মাধ্যমে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।

কর্মসংস্থান ও স্থানীয় উন্নয়ন স্থানীয়দের মতে, প্রকল্পের কাজকে ঘিরে ইতোমধ্যে বহু মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এর ফলে এলাকায় অর্থনৈতিক কর্মকাণ্ড বেড়েছে এবং জীবনমান উন্নত হচ্ছে।

চ্যালেঞ্জ ও সম্ভাবনা প্রকল্পের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “স্থানীয় জনগণ ও সরকারি দপ্তরের সহযোগিতায় কাজ এগিয়ে যাচ্ছে। কিছু স্বার্থান্বেষী মহল মামলা ও ষড়যন্ত্র করে প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা করেছিল। তবে জমি সংক্রান্ত মামলার বাদী সম্প্রতি স্বেচ্ছায় মামলা প্রত্যাহার করায় বড় কোনো বাধা থাকবে না।

সামাজিক দায়বদ্ধতা বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর উন্নয়নেও অবদান রাখবে এ প্রকল্প। ইতোমধ্যে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) কর্মসূচির আওতায় শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নমূলক উদ্যোগ চালু করা হয়েছে। কর্তৃপক্ষের আশা, এসব কার্যক্রম মিরসরাইয়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে সহায়ক হবে।

You may also like

Leave a Comment