মহামায়ায় হাবিব স্মৃতি ফুটবল টুর্নামেন্টের রুদ্ধশ্বাস ম্যাচে শেরওয়ানির টাইব্রেকার জয়

নির্ধারিত সময় ১–১ সমতা, টাইব্রেকারে ৪–৩ গোলে নবু হাজী পাড়াকে হারাল বিয়েবাড়ী শেরওয়ানি

by The Justice Bangla

মোহাম্মদ সাগর, ছাগলনাইয়া প্রতিনিধিঃ ফেনীর ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়ন–এ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে চাঁদগাজী জুনিয়র একাদশ আয়োজিত মরহুম হাবিবুর রহমান হাবিব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ (২য় আসর)।

আজ টুর্নামেন্টের সপ্তম ম্যাচে মুখোমুখি হয় বিয়েবাড়ী শেরওয়ানি ফুটবল একাদশ ও নবু হাজী পাড়া ফুটবল একাদশ। ম্যাচ ঘিরে পুরো এলাকায় বিরাজ করছিল ফুটবল উৎসবের আমেজ। মাঠ প্রাঙ্গণে হাজির হন হাজারো ক্রীড়াপ্রেমী দর্শক।

৯০ মিনিটের নির্ধারিত খেলায় দুই দল ১–১ গোলে সমতায় থাকে। পরে টাইব্রেকারে ৪–৩ গোলে জয় নিশ্চিত করে বিয়েবাড়ী শেরওয়ানি ফুটবল একাদশ। দলের পারফরম্যান্স এবং টুর্নামেন্টে অংশ নেওয়া অন্যান্য দলগুলোর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা দর্শকদের মুগ্ধ করেছে।

টুর্নামেন্ট পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন চাঁদগাজী জুনিয়র একাদশ–এর সদস্য তানজিভ রেজবী, ইয়াছিন মজুমদার, মো. পারভেজ ও নুরু। ম্যাচে প্রাণবন্ত ধারাভাষ্য দিয়ে খেলার উত্তেজনা ফুটিয়ে তোলেন মেজবাহ উদ্দিন।

আয়োজক কমিটির পক্ষ থেকে তানজিভ রেজবী ও ইয়াছিন মজুমদার জানান, হাবিব ভাইয়ের স্মৃতি ধরে রাখতে প্রতি বছর টুর্নামেন্ট আরও বড় পরিসরে আয়োজন করা হবে, যেন নতুন প্রজন্ম খেলাধুলায় এগিয়ে আসে এবং এলাকার ক্রীড়া সংস্কৃতি আরও সমৃদ্ধ হয়।

You may also like

Leave a Comment