চট্টগ্রাম ব্যুরোঃ চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন বগারবিলে সাজন মিয়া হত্যাকাণ্ডের মাত্র আট ঘণ্টার মধ্যে সরাসরি জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত ৭ সেপ্টেম্বর (রবিবার) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শান্তিনগর বগারবিলের বলাকা আবাসিক এলাকার মুখে সাজন মিয়ার গ্যারেজের সামনে এ হত্যাকাণ্ড ঘটে। নিহতের নাম মো. সাজন মিয়া (৪৭), তিনি কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার ভাতশালা ইউনিয়নের বাসিন্দা। বর্তমানে তিনি শান্তিনগর বগারবিলে ভাড়া বাসায় বসবাস করছিলেন।
ঘটনার পরপরই বাকলিয়া থানার একটি বিশেষ অভিযানিক টিম রাত ২টার দিকে চান্দগাঁও থানাধীন মোহরা এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া দুইজনকে গ্রেপ্তার করে। তারা হলেন—
১. আবু কালাম (৩৬), পিতা মো. লায়েচ মিয়া, সাং—ভাতশালা, থানা অষ্টগ্রাম, জেলা কিশোরগঞ্জ।
২. মো. বায়েজিদ রহমান (২৭), পিতা মো. জিল্লুর রহমান, সাং—আব্দুল্লাহপুর, থানা অষ্টগ্রাম, জেলা কিশোরগঞ্জ।
গ্রেপ্তারকৃতদের দুজনই বর্তমানে শান্তিনগর বগারবিল এলাকায় বসবাস করছিলেন।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি বায়েজিদ রহমান স্বীকার করেছে যে, সে নিজেই ভিকটিম সাজন মিয়াকে ছুরিকাঘাত করে হত্যা করেছে।
বাকলিয়া থানার ওসি জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা রুজুর প্রক্রিয়া চলছে। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
