বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে কাঁটাতারের বেড়া: অগ্রগতির তথ্য জানাল ভারত

by The Justice Bangla

নিজস্ব সংবাদদাতাঃ দুই প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ ও পাকিস্তান থেকে অনুপ্রবেশ ঠেকাতে পাকিস্তান সীমান্তের প্রায় ৯৩ শতাংশ এবং বাংলাদেশ সীমান্তের প্রায় ৮০ শতাংশ এলাকায় কাঁটাতারের বেড়া স্থাপন করেছে ভারতের কেন্দ্রীয় সরকার।

মঙ্গলবার ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়।

তিনি জানান, ভারতের সঙ্গে পাকিস্তানের মোট সীমান্ত দৈর্ঘ্য ২ হাজার ২৮৯ দশমিক ৬৬ কিলোমিটার। এর মধ্যে ২ হাজার ১৩৫ দশমিক ১৩৬ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া স্থাপন করা হয়েছে, যা শতকরা হিসেবে ৯৩ দশমিক ২৫ শতাংশ।

অন্যদিকে, বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্তের দৈর্ঘ্য ৪ হাজার ৯৬ দশমিক ৭০ কিলোমিটার। এর মধ্যে ৩ হাজার ২৩৯ দশমিক ৯২ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া বসানো হয়েছে, যা মোট সীমান্তের ৭৯ দশমিক ০৮ শতাংশ।

লোকসভা অধিবেশনে নিত্যানন্দ রায় আরও বলেন, ভারতের সঙ্গে মিয়ানমারের ১ হাজার ৬৪৩ কিলোমিটার দীর্ঘ স্থল সীমান্ত রয়েছে। সেখানে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজও শুরু হয়েছে। ইতোমধ্যে ৯ দশমিক ২১৪ কিলোমিটার এলাকায় বেড়া নির্মাণ সম্পন্ন হয়েছে।

প্রসঙ্গত, ভারতের সঙ্গে পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মিয়ানমার, চীন ও মালদ্বীপ—এই আটটি দেশের স্থল ও জলসীমান্ত রয়েছে। ভারতের স্থল সীমান্তের মোট দৈর্ঘ্য ১৫ হাজার ১০৬ দশমিক ৭ কিলোমিটার এবং জলসীমান্তের দৈর্ঘ্য ৭ হাজার ৫১৬ কিলোমিটার। স্থল সীমান্তের দিক থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্তই সবচেয়ে দীর্ঘ।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, অনুপ্রবেশ প্রতিরোধ এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্ত এলাকায় কঠোর নজরদারি ও অবকাঠামোগত নিরাপত্তা জোরদারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় সরকার।

You may also like

Leave a Comment