বড়লেখা প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় নিজ বাড়িতে ঢুকে দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার দক্ষিণভাগ (উত্তর) ইউনিয়নের বিওসি কেছরিগুল গ্রামে ফরেস্ট অফিস সংলগ্ন নিহতদের বসতঘরে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন জামাল উদ্দিন (৫৬) ও আব্দুল কাইয়ুম (৪৯)। জামাল উদ্দিন কুয়েত প্রবাসী ছিলেন এবং প্রায় ছয় মাস আগে দেশে ফেরেন। অপরদিকে আব্দুল কাইয়ুম পেশায় কৃষিকাজ করতেন।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মো. জমির উদ্দিন। তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে রাত আনুমানিক ৮টার দিকে বড়লেখা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ কিংবা জড়িতদের পরিচয় জানা যায়নি। তবে স্থানীয়দের ধারণা, পূর্ব বিরোধের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তদন্ত শুরু করেছে।
