বড়লেখায় জামায়াত নেতার ভাইয়ের ওপর হামলার ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে মামলা

by The Justice Bangla

বড়লেখা(মৌলভীবাজার) প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখায় এক জামায়াত নেতার ভাইয়ের ওপর হামলার অভিযোগে আওয়ামী লীগ নেতাকর্মীসহ ১৩ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। গত শুক্রবার (১৫ আগস্ট) রাত আটটায় ডিমাই বাজারে এই ঘটনা ঘটে। বড়লেখা সদর ইউনিয়ন ওয়ার্ড জামায়াতে ইসলামী সেক্রেটারি সিরাজুল ইসলাম বাদি হয়ে এই মামলা করেছেন। হামলায় আহত ফয়ছল আহমদ মুন্না বড়লেখা সদর ইউনিয়নের বিওসি কেছরিগুল গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।

মামলায় আসামিরা হলেন, বড়লেখা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. সিরাজ উদ্দিন (৫৫), আব্দুল আজিজ বসু (৪০), আব্দুল মানিক (৩২), ছয়ফুল ইসলাম (৩২), শাহিন আহমদ (২২), জয়নুল ইসলাম (২৩), রুহেল আহমদ (৩২), আব্দুল কাদির (৩০), রেহান আহমেদ (২৬), জুসাম (২৮), কামিল আহমদ পাবেল (২৫), ফখরুল ইসলাম (৩৫), রইব আলী (৪০) এবং আনুমানিক ৩০-৩৫ জন অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলার এজাহারে জামায়াত নেতা সিরাজুল ইসলাম উল্লেখ করেছেন, বিবাদিরা স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী। তারা দীর্ঘদিন ধরে ভারত থেকে গরু-মহিষ ও বিভিন্ন দামী কাঠ চোরাচালান করে সরকারের কর ফাঁকি দিয়ে বাংলাদেশে নিয়ে আসে। ৫ আগস্টের পর তিনি দায়িত্বশীল সংগঠনের একজন কর্মী হিসাবে এসব অবৈধ কর্মকাণ্ডের প্রতিবাদ করেন। যার কারণে তারা তাকে ও তার পরিবারকে হত্যা করার ষড়যন্ত্র করছে। গতকাল শুক্রবার রাত আনুমানিক ৮টায় ১৫ আগস্ট উপলক্ষে ডিমাই বাজারে বিবাদীরা সমবেত হয়ে জামায়াতে ইসলামীসহ বিভিন্ন সংগঠনের নামে স্লোগান দিতে থাকে এবং জামায়াতকে নিয়ে গালিগালাজ করে। এসময় সিরাজুল ইসলামের ভাই প্রবাসী ফয়ছল আহমদ মুন্না ঘটনাস্থল দিয়ে অতিক্রম করছিলেন। তখন বিবাদীরা ও অজ্ঞাতনামা ব্যক্তিরা তাকে লক্ষ্য করে বলেন, সে জামায়াত সেক্রেটারীর ভাই। বিবাদীরা খাসিয়া দা দিয়ে তার ভাই মুন্নার গলায় ধরে হত্যার হুমকি দেন এবং রড দিয়ে আঘাত করে গুরুতর জখম করেন করেন। এসময় হামলাকারীরা বেলাল আহমদের দোকানে প্রবেশ করে নগদ টাকা ও বিভিন্ন জিনিসপত্র লুট করে নেয়। স্থানীয়রা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা বড়লেখা সরকারি হাসপাতালে চিকিৎসা নেন।

এ বিষয়ে বড়লেখা থানার ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা শনিবার রাতে মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

You may also like

Leave a Comment