ফেনী-১ আসনে বিএনপির মনোনয়ন ঘিরে উত্তেজনা: বাবা-ছেলের ফরম সংগ্রহে রাজনৈতিক তাপমাত্রা চরমে

by The Justice Bangla

ফেনী প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র সংগ্রহ শুরু হতেই ফেনী-১ (পরশুরাম–ফুলগাজী–ছাগলনাইয়া) আসনে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে উঠেছে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দুর্গ হিসেবে পরিচিত এই আসনে এবার বাবা-ছেলের মনোনয়নপত্র সংগ্রহের খবরে নির্বাচনী রাজনীতিতে যোগ হয়েছে বাড়তি উত্তাপ।

সোমবার (২২ ডিসেম্বর) ফেনী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাবিবুর রহমান নান্টু এবং তার ছেলে ম্যাগপাই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মজুমদার আরিফুর রহমান বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করেন।
হাবিবুর রহমান নান্টুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন ফুলগাজী উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি আবু ইউসুফ মিয়া। অপরদিকে, মজুমদার আরিফুর রহমানের পক্ষে ফরম উত্তোলন করেন ছাগলনাইয়া পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোস্তফা।

এ বিষয়ে ফুলগাজী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম রসূল মজুমদার গোলাপ বলেন,
“বিএনপির দলীয় প্রার্থীর বাইরে অন্য একজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সে কারণেই আমরাও (নান্টু ও আরিফ) ফরম সংগ্রহ করেছি। তবে ম্যাডাম যদি এককভাবে ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেন, তাহলে আমরা আর জমা দেব না।”

এর আগে গত রোববার (২১ ডিসেম্বর) জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ফেনী-১ আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। একই সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুও এ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

উল্লেখ্য, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ ডিসেম্বর। সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ফেনী-১ আসনে বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা ও উত্তেজনা আরও বাড়বে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

You may also like

Leave a Comment