ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর সদর উপজেলার গুহলক্ষ্মীপুর এলাকার রেলওয়ে বস্তিতে মাদক ও সন্ত্রাসবিরোধী যৌথ অভিযানে ১৫ জনকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশ। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র এবং অপরাধ সংশ্লিষ্ট সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

সেনা সূত্র জানায়, রেলওয়ে বস্তিতে দীর্ঘদিন ধরে মাদক পাচার, জোরপূর্বক দখল এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চলছিল—যার মূল হোতা হিসেবে চিহ্নিত হয়েছে আলোচিত মাদক চক্রের নেত্রী শিল্পী বেগম (৩০)। অভিযানে শিল্পী বেগমসহ তার পরিবারের বেশ কয়েকজন সদস্যকে আটক করা হয়েছে।
২৬ জুন রাত ৮টার দিকে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে ফরিদপুর আর্মি ক্যাম্পের ১৫ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং কোতোয়ালি থানা পুলিশ যৌথভাবে অভিযানটি পরিচালনা করে। প্রথম পর্যায়ে হাতেনাতে ৭ জনকে আটক করা হয়। পরে বস্তির কেন্দ্রে শিল্পীর বাড়িতে অভিযান চালিয়ে আরও ৮ জনকে আটক করা হয়।
অভিযানে উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে:
- ৪৫.৫ কেজি গাঁজা
- ৩৩৭টি ইয়াবা ট্যাবলেট
- ২১১টি হেরোইনের প্যাকেট
- ৬১টি দেশীয় ধারালো অস্ত্র
- ২টি বিদেশি মদের বোতল
- ৯টি ফিচার ফোন ও ১০টি অ্যান্ড্রয়েড মোবাইল
গোপন সূত্রের বরাতে জানা গেছে, শিল্পী বেগম ভারতীয় মাদক পাচার চক্রের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে এই চক্র পরিচালনা করছিলেন। নারীদের ব্যবহার করে প্রকাশ্যে ইয়াবা, গাঁজা ও হেরোইন বিক্রির মাধ্যমে এলাকায় অবৈধ প্রভাব বিস্তার করে আসছিল এই চক্র।
আটককৃতদের বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালি থানায় মাদক ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা প্রক্রিয়াধীন। সেনাবাহিনী জানিয়েছে, মাদক, অবৈধ অস্ত্র ও সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে তারা ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে।
