নিজস্ব সংবাদদাতাঃ চট্টগ্রামের ফটিকছড়িতে জামাল উদ্দিন (৩৮) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের একটি নির্জন সড়কে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয়রা সড়কের পাশে গুলিবিদ্ধ অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে ফটিকছড়ি থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহত জামাল উদ্দিনের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ জানান, ঘটনাটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। তবে কারা বা কী কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তিনি বলেন, ঘটনার আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, নিহত যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
