নিজস্ব প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রশাসনের ভূমিকা নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন কুমিল্লা-০৪ (দেবিদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনীত প্রার্থী হাসনাত আবদুল্লাহ। তিনি অভিযোগ করে বলেছেন, বর্তমান প্রশাসন নিরপেক্ষতা হারিয়ে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের বিশেষ করে বিএনপির দিকে ঝুঁকে পড়েছে।
শুক্রবার কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, ফ্যাসিবাদ বিদায়ের পর আমরা যে স্বাধীন ও নিরপেক্ষ প্রশাসনের স্বপ্ন দেখেছিলাম, বাস্তবে তার সম্পূর্ণ বিপরীত চিত্র দেখা যাচ্ছে। প্রশাসনের দ্বিচারিতা ও পক্ষপাতমূলক আচরণ আমাদের গভীরভাবে হতাশ করেছে।
তিনি অভিযোগ করেন, দেবিদ্বার-০৪ আসনের একজন প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী হলফনামায় নিয়ম ভঙ্গ করে গুরুত্বপূর্ণ তথ্য গোপনের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এ বিষয়ে পর্যাপ্ত প্রমাণসহ লিখিত কাগজপত্র জমা দেওয়া হলেও সংশ্লিষ্ট প্রার্থীর মনোনয়ন প্রশাসন অনুমোদন দিয়েছে। এই সিদ্ধান্ত আসন্ন জাতীয় নির্বাচন কতটা সুষ্ঠু ও নিরপেক্ষ হবে তা নিয়ে জনমনে বড় ধরনের সন্দেহ তৈরি করেছে বলে মন্তব্য করেন তিনি।
প্রশাসনের ভূমিকা নিয়ে আরও সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ বলেন, ৫ আগস্টের পর আমরা দেখেছি কীভাবে জুলাই মাসকে কুক্ষিগত করা হচ্ছে। জুলাই যোদ্ধাদের ওপর হামলা হয়েছে, প্রকাশ্যে হাদি ভাইকে গুলি করে হত্যা করা হয়েছে। অথচ এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে এখনো দৃশ্যমান কোনো বিচারিক প্রক্রিয়া শুরু হয়নি। প্রশাসনের এই নিষ্ক্রিয়তা প্রশ্নবিদ্ধ।
তিনি আরও বলেন, প্রশাসন বিভিন্নভাবে সংস্কারের উদ্যোগ নিলেও কিছু রাজনৈতিক দল তাদের ক্ষমতার প্রভাব খাটিয়ে সেই সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। তবে আসন্ন নির্বাচনই প্রমাণ করবে প্রশাসনের সংস্কার আদৌ কতটা বাস্তবায়িত হয়েছে।
দেবিদ্বারবাসীর উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে হাসনাত আবদুল্লাহ বলেন,
আপনারা দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন। এবার আপনাদের ভোটের অধিকার ফিরে এসেছে। মা-বোন, ভাই, শিক্ষক, ডাক্তার, কৃষক, শ্রমিক সবার পক্ষে দাঁড়িয়ে আমি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি।
তিনি জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন। ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ১২ তারিখ সবাই কেন্দ্রে এসে ভোট দেবেন। ইনশাআল্লাহ, আপনাদের ভোটেই শাপলা কলি বিজয়ী হবে।
এদিকে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে কুমিল্লার ছয়টি সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোহাম্মদ ইউসুফ হাকিম সোহেলসহ ১৬ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে এবং একজনের মনোনয়ন স্থগিত রাখা হয়েছে। জেলা রিটার্নিং অফিসার এসব মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন।
তবে কুমিল্লা-০৪ (দেবিদ্বার) আসনে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
