নিজস্ব প্রতিবেদকঃ পাকিস্তান ও চীনের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে অনুষ্ঠিতব্য সপ্তম দফা কৌশলগত সংলাপের সহসভাপতিত্ব করতে চীন সফরে যাচ্ছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। দেশটির পররাষ্ট্র দপ্তর (এফও) বুধবার এ তথ্য নিশ্চিত করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ির আমন্ত্রণে আগামী ৪ জানুয়ারি বেইজিং সফরে যাচ্ছেন ইসহাক দার। এই সংলাপকে পাকিস্তান ও চীনের মধ্যে ‘সর্বোচ্চ পরামর্শমূলক কাঠামো’ হিসেবে অভিহিত করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, এই কৌশলগত সংলাপ দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়াদি পর্যালোচনার একটি সুসংগঠিত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
আঞ্চলিক ও বৈশ্বিক প্রেক্ষাপটে পরিবর্তনশীল পরিস্থিতির মধ্যে এমন এক সময়ে এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে, যখন পাকিস্তান ও চীন তাদের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উদযাপনের প্রস্তুতি নিচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়,
এই সফর দুই দেশের নিয়মিত উচ্চপর্যায়ের যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি পাকিস্তান ও চীনের মধ্যে অখণ্ড কৌশলগত অংশীদারিত্বকে আরও সম্প্রসারিত ও গভীর করার প্রতিশ্রুতির প্রতিফলন। একই সঙ্গে আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও টেকসই উন্নয়নের প্রতি উভয় দেশের পারস্পরিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করবে।
যদিও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সফরের নির্দিষ্ট সময়সূচি প্রকাশ করেনি, তবে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসহাক দার ২০২৬ সালের ৩ জানুয়ারি থেকে ৬ জানুয়ারি পর্যন্ত বেইজিং সফরে থাকবেন।
উল্লেখ্য, পাকিস্তান–চীন কৌশলগত সংলাপের ষষ্ঠ দফা গত আগস্টে ইসলামাবাদে অনুষ্ঠিত হয়। ওই সফরে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ি পাকিস্তান সফর করেন এবং ইসহাক দার, প্রধানমন্ত্রী শেখ হাবিব শরীফ ও রাষ্ট্রপতি আসিফ আলি জারদারির সঙ্গে বৈঠক করেন।
সেই সময় চীন পাকিস্তানের সঙ্গে আঞ্চলিক শান্তি, উন্নয়ন ও স্থিতিশীলতা জোরদারে একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছিল।
