চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের পাঁচলাইশ মডেল থানার পুলিশের অভিযানে কিশোর গ্যাংয়ের প্রধানসহ ৮ জন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩ অক্টোবর) রাত ১১টা ৫ মিনিটের দিকে মুরাদপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
থানা সূত্রে জানা যায়, এসআই (নিঃ) নয়ন আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে নৈশ ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন পাঁচলাইশ থানাধীন মুরাদপুরের ৫৩২/এ সিডিএ এভিনিউয়ের এস.এস ইউসুফ এন্টারপ্রাইজের সামনে প্রায় ১৮-২০ জন কিশোর গ্যাং সদস্য অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করছে এবং দলবদ্ধভাবে শক্তি প্রদর্শন করছে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে গ্যাং সদস্যরা পালানোর চেষ্টা করে। এ সময় NS’ নামের কিশোর গ্যাংয়ের প্রধান মো. মাহিন উদ্দিন ওরফে ব্ল্যাক মঈন (২২) সহ মোট ৮ জনকে গ্রেফতার করা হয়। তারা হলো—
১. মো. মাহিন উদ্দিন ওরফে ব্ল্যাক মঈন (২২) ২. মো. নাঈমুল হক নাহিয়ান (২০) ৩. মো. নাজিম উদ্দিন (১৯) ৪. মো. তাজিমুল ইসলাম আব্দুল্লাহ (১৯) ৫. মো. ইকমিহান হাবিব (১৯) ৬. মো. ফায়াজ (১৯) ৭. মো. রমজান শেখ (২২) ৮. মো. আল আমিন ইসলাম সিফাত (২০)।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ১০-১২ জন অজ্ঞাত গ্যাং সদস্য পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশিতে মাহিন উদ্দিনের হাত থেকে একটি চাপাতি, নাঈমুল হক নাহিয়ানের কোমর থেকে একটি ছুরি, নাজিম উদ্দিনের হাত থেকে একটি চাপাতি, এবং ফায়াজের কোমর থেকে একটি ছুরি উদ্ধার করা হয়। এছাড়া অজ্ঞাত আসামিদের ফেলে যাওয়া পাঁচটি লোহার রড ও দুটি এসএস পাইপও জব্দ করে পুলিশ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ (সংশোধনী ২০১৯) এর ৪/৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
মামলা নং-০২, তারিখ: ০৪/১০/২০২৫।
গ্রেফতারকৃতদের পরদিন আদালতে সোপর্দ করা হয়।
পুলিশের দাবি, অভিযানে কিশোর গ্যাংয়ের কার্যক্রম দমন ও এলাকায় নিরাপত্তা জোরদার হবে।
