আন্তর্জাতিক ডেস্কঃ মধ্য এশিয়ার দেশ তুর্কমেনিস্তান পর্যটকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার ঘোষণা দিয়েছে। দীর্ঘদিন বিশ্বের অন্যতম বিচ্ছিন্ন দেশ হিসেবে পরিচিত এ রাষ্ট্রটি নতুন ভিসা নীতির মাধ্যমে বিদেশি পর্যটকদের জন্য দরজা উন্মুক্ত করতে যাচ্ছে।
এপ্রিল মাসে ঘোষিত নতুন নীতিতে বলা হয়েছে, পর্যটকরা অনলাইনে ভিসার জন্য আবেদন করতে পারবেন এবং প্রক্রিয়াটি হবে দ্রুততর। ফলে পূর্বের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনপত্র (লেটার অব ইনভাইটেশন বা এলওআই) লাগবে না। তবে এখনো দর্শনার্থীদের স্থানীয় কোনো ‘স্পন্সর’ বা অনুমোদিত ট্যুর কোম্পানির মাধ্যমে ভ্রমণ করতে হবে।
তুর্কমেনিস্তানকে উত্তর কোরিয়া ও ইরিত্রিয়ার মতো বিশ্বের সবচেয়ে বন্ধ রাষ্ট্রগুলির মধ্যে গণ্য করা হয়। ১৯৯০-এর দশকে সোভিয়েত ইউনিয়ন ভেঙে স্বাধীন হওয়ার পর দেশটি কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার অধীনে থেকেছে।
যুক্তরাজ্যভিত্তিক ভ্রমণ সংস্থা লুপিন ট্রাভেলের পরিচালক ডিলান লুপিন সিএনএনকে বলেন, “এটি কার্যকর হলে দর্শনার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়বে। তবে আমরা এখনও জানি না ঠিক কবে এটি চালু হবে।”
তুর্কমেনিস্তানে পর্যটন ভিসা পেতে আগে জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হতো। এখন নতুন নীতি চালু হলে সময় ও জটিলতা উভয়ই অনেকটা কমে যাবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: সিএনএন
